Basanti Chatterjee: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, সাত দশকের অভিনয় যাত্রার ইতি

কলকাতা পেজ 3

নিউজ পোল ব্যুরো: নিঃশব্দে ঝরে গেল এক শিল্পীমন! চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। ক্যান্সারের দীর্ঘ লড়াই শেষে, ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রবাদপ্রতিম অভিনেত্রী। তাঁর মৃত্যুতে বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বাসন্তী চট্টোপাধ্যায়ের (Basanti Chatterjee) অভিনয় (Acting) জীবনের পথচলা শুরু হয়েছিল প্রায় সাত দশক আগে। উত্তমকুমার (Uttam Kumar), সুচিত্রা সেন (Suchitra Sen), ছবি বিশ্বাসের মতো লেজেন্ডদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ক্লাসিক ছবি ‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’ কিংবা সাম্প্রতিক ধারাবাহিক ‘গীতা এলএলবি’। প্রতিটি কাজে তিনি নিজস্ব অভিনয়শৈলী দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।

আরও পড়ুন: Ramcharan Teja: সদ্‌গুরুর মেয়ের মতো ঔজ্জ্বল্য চাই, তাই কঠোর নিয়ম মেনে চলছেন উপাসনা

শেষ জীবনে তিনি পেটের ক্যান্সারে আক্রান্ত হন। পাশাপাশি, একটি কিডনিও বিকল হয়ে যায়। দীর্ঘদিন ধরে ভুগছিলেন একাধিক শারীরিক সমস্যায়। গত ছ’মাস ধরে কার্যত শয্যাশায়ী ছিলেন। অসুস্থ শরীর নিয়েও শ্যুটিং ফ্লোরে ফিরে আসার জেদ ছিল অপরিসীম। দমদম (Dumdum) থেকে সোনারপুরে (Sonarpur) প্রতিদিন যেতেন ‘গীতা এলএলবি’-র সেটে, যতক্ষণ পর্যন্ত শরীরটা সঙ্গ দিয়েছিল। ২০২৫ সালের শুরুতে ধারাবাহিকের এক বছর পূর্তি উদ্‌যাপনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আচমকাই পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শ্যুটিং বন্ধ হয়ে যায়, ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকেন প্রিয় মঞ্চ থেকে।

অভিনেত্রী (Basanti Chatterjee) একাই থাকতেন, পাশে ছিল শুধুমাত্র তাঁর বাড়ির পরিচারিকা। মৃত্যুর পরে মেয়ের আগমনের অপেক্ষায় তাঁর দেহ রাখা হয়েছিল নিজের বাড়িতেই। শিল্পীর এই নিঃসঙ্গ মৃত্যুর খবর জানানো হয় আর্টিস্ট ফোরামেও। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় একাধিকবার তাঁর অসুস্থতা ও আর্থিক সমস্যার কথা প্রকাশ্যে এনেছিলেন। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও আর্থিক সহায়তার আবেদন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীও বাসন্তী দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole