Sujit Basu: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় সুজিত বসু, বিজেপিকে তুলোধোনা মন্ত্রীর

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শনিবার মালদা সফরে এলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। জেলার বন্যা ও নদীভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি শনিবার মালদার মানিকচক ও রতুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।

আরও পড়ুন: India-Russia: রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধের গুজব ভিত্তিহীন -সরকারি সূত্র

এর আগে সকালে তিনি পৌঁছন পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মহানন্দা ভবনে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক সাবিত্রী মিত্র সহ বেশ কয়েকজন প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধি। সংক্ষিপ্ত আলোচনার পরই তিনি মানিকচক ও রতুয়ার ভাঙনপ্রবণ এলাকায় রওনা দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে—বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রশাসনিক সহায়তা পৌঁছে দিতে হবে।

মন্ত্রী (Sujit Basu) জানান, মানিকচকের গঙ্গা-তীরবর্তী এলাকায় নদীভাঙন ও জলস্ফীতি পরিস্থিতি উদ্বেগজনক। তিনি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও তিনি রাজ্যজুড়ে বিদ্যমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে কথা বলেন। জলমগ্ন এলাকা থেকে দ্রুত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া, উদ্ধারকাজে এনডিআরএফ ও দমকল বিভাগের সমন্বয়, ও দুর্গত পরিবারগুলির জন্য অস্থায়ী ত্রাণশিবির চালু করার কথাও তিনি বলেন।

তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বাংলার মানুষের দুর্দিনে পাশে না থেকে বিজেপি বরং মানুষের মন ও ভাষার ওপর আঘাত করছে। ভিনরাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্তা করা হচ্ছে, অথচ বিজেপি নীরব। ওরা বাংলা ও বাঙালির প্রতি বিদ্বেষ ছড়াতে ব্যস্ত।” তিনি আরও বলেন, “মানুষ সব দেখছে। সময়মতো জবাব দেবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole