SIR : বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীর নাম

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সংশোধিত ভোটার তালিকা বা SIR নিয়ে বিহারে ঝড় উঠেছে। চলতি বছরের শেষেই রয়েছে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই SIR নিয়ে তোলপাড় বিহার। শনিবার নির্বাচন কমিশন বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। সেই তালিকাতেই নাম নেই বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের। এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে ‘ভোটে লড়ব কি করে?’ এই প্রশ্নও তুলে দিয়েছেন।

নির্বাচন কমিশন বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করার পরেই পাটনায় এক সংবাদ সম্মেলনে, তেজস্বী যাদব তাঁর নির্বাচনী ছবি পরিচয়পত্র (EPIC) নম্বরটি প্রদর্শন করেন এবং নির্বাচন সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে সকলকে দেখান যে কমিশনের দেওয়া তালিকায় নেই তাঁর নাম। বলেছেন তিনি সমস্ত তথ্য জমা দিলেও কমিশনের প্রকাশ করা তালিকায় তাঁর নামে “কোনও রেকর্ড পাওয়া যায়নি”। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরজেডি নেতা বলেন, “আমার নাম ভোটার তালিকায়ও নেই। আমি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব?” সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি আরও বলেন, “EPIC নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না।” SIR-র সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন জানিয়ে তেজস্বী বলেন, “বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান।” ভোটের আগে বিহারে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে তেজস্বী বলেন, “প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ২০ থেকে ৩০ হাজার করে নাম বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ৬৫ লক্ষ। যার অর্থ মোট ভোটারের ৮.৫ শতাংশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন : China border: সেনাবাহিনীর যাতায়াত ব্যবস্থাকে উন্নত করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভুটানে রাস্তা বানাচ্ছে ভারত

তবে তেজস্বীর এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে কমিশন। তেজস্বীর দাবির পরপরই, নির্বাচন কমিশন বিস্তারিত ভোটার তালিকার একটি কপি প্রকাশ করে, যাতে নিশ্চিত করা হয় যে পাটনার ভেটেরিনারি কলেজের একটি বুথে তার নাম ছিল। কমিশন জানান, “আমাদের নজরে এসেছে যে তেজস্বী যাদব একটি অসত্য দাবি করেছেন যে খসড়া ভোটার তালিকায় তাঁর নাম নেই। খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ক্রমিক নম্বর ৪১৬-এ তালিকাভুক্ত। সুতরাং খসড়া ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত নেই বলে যে কোনও দাবি মিথ্যা এবং বাস্তবিকভাবে ভুল।” প্রসঙ্গত, বিহারে SIR-এর তীব্র বিরোধিতায় সরব হয়েছে ইন্ডিয়া জোট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole