China border: সেনাবাহিনীর যাতায়াত ব্যবস্থাকে উন্নত করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভুটানে রাস্তা বানাচ্ছে ভারত

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত-চিনের মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গললেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে দুই দেশই। ভারত জানিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) এর কাছে চিনা সেনার প্রতিটি পদক্ষেপের উপরেই রয়েছে নজর। এই আবহেই এবার ভারত নিজেদের গতিশীলতা এবং সামরিক যান চলাচল উন্নত করার জন্য চিন সীমান্তে (China border) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) এর কাছে পরিকাঠামো তৈরি করছে। ভুটানে ডোকলামের কাছে একটি রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে ২০১৭ সালে ভারত ও চিনের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছিল।

যে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে সেটা ভুটানের হা উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপন করে, যা ডোকলাম থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত। সীমান্ত সড়ক সংস্থা (BRO) প্রায় ২৫৪ কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করেছে। ভুটানের প্রধানমন্ত্রী টোবগে শেরিং শুক্রবার এই রাস্তাটি উদ্বোধন করেছেন। এই রাস্তাটি ভুটানের স্থানীয় জনগণকে সাহায্য করবে এবং প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর যাতায়াত ব্যবস্থাকেও আরও উন্নত করবে। এই রাস্তাটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চুম্বি উপত্যকায় চলে গিয়েছে যেখানে চিনা সেনা মোতায়েন রয়েছে। বলা ভালো এই রাস্তাটি ভুটানের সেনাবাহিনীকে চুম্বি উপত্যকার কাছে সীমান্তে পৌঁছাতে সাহায্য করবে। এটি সরবরাহ চলাচলেও সাহায্য করবে। যদিও ভুটান আপাতত রাস্তাটি ব্যবহার করবে, ভবিষ্যতে প্রয়োজন হলে ভারতও উপকৃত হবে।

আরও পড়ুন: Operation Akhal: কাশ্মীরে ফের জঙ্গি দমন অভিযান, ‘অপারেশন মহাদেবে’র পর এবার ‘অপারেশন অখল’

প্রসঙ্গত, ভারত ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ভুটান ভারত-চিন সীমান্তের (China border) কাছাকাছি দেশ এবং দুই দেশই সীমান্তে চিনের কাছ থেকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। চিনের আগ্রাসন রুখতে তাই ভারত ভুটানের সঙ্গে নিজেদের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করে। উল্লেখ্য, ২০১৭ সালে, চিন ডোকলামের জামফেরি রিজে একটি রাস্তা তৈরির চেষ্টা করেছিল। ভারতীয় সেনাবাহিনী অপারেশন জুনিপার শুরু করে রাস্তা নির্মাণ বন্ধ করে দেয়। ভারতীয় সেনারা ডোকলামে প্রবেশ করে এবং চিনা সৈন্যদের থামায়। ৭২ দিনের অচলাবস্থার পর, চিন সেনাবাহিনী প্রত্যাহার করে। সেই ঘটনার পর ২০২০ সালে ফের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর সম্পর্কে অবনতি হয়। যদিও সেই সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole