নিউজ পোল ব্যুরো: কাশ্মীর (Kashmir) উপত্যকায় জঙ্গিদমন অভিযান জোরদার করেছে ভারতীয় সেনা। ‘অপারেশন মহাদেবে’র (Operation Mahadev) সাফল্যের রেশ কাটতে না কাটতেই, শুরু হয়েছে আরেকটি অভিযান ‘অপারেশন অখল’ (Operation Akhal)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগাম জেলার একটি জঙ্গলে শুরু হয় এই অভিযান। ইতিমধ্যেই এক জঙ্গিকে খতম করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। তল্লাশি এখনও জারি রয়েছে, কারণ আরও জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে বলেই ধারণা।
আরও পড়ুন: BLO-দের ঘিরে ব্লুপ্রিন্ট, মমতার মন্তব্যে ‘সংবিধান সংকট’, রাজ্যসভায় গর্জে উঠলেন শমীক
গত সপ্তাহে পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় (Pahalgam Terror Attack) জড়িত তিন জঙ্গিকে সফলভাবে নিকেশ করে সেনা। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন মহাদেবে’ (Operation Mahadev) । শ্রীনগরে (Srinagar) চালানো ওই অভিযানে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের সম্মিলিত উদ্যোগে বড়সড় সাফল্য আসে। অভিযানে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়, যা পহেলগাঁওয়ের পর্যটক হত্যা কাণ্ডে ব্যবহার হয়েছিল। এই বিষয়ে সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানান, সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপের ফলে কোনো জঙ্গিই পালাতে পারেনি।
এর ঠিক পাঁচ দিনের মাথায়, ফের সক্রিয় হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা রিপোর্টে জানা যায়, কুলগামের (Kulgam) একটি ঘন জঙ্গলে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। এরপরই শুরু হয় ‘অপারেশন অখল’ (Operation Akhal)। শুক্রবার সকাল থেকেই সেনা ও আধা-সেনা বাহিনীর বিশাল বাহিনী অঞ্চলটিকে ঘিরে ফেলে। গোপন জায়গা থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আত্মরক্ষার্থে ও পালটা জবাব দিতে বাধ্য হয় সেনা। এই গুলির লড়াইতেই মৃত্যু হয় এক জঙ্গির।
যদিও সেনা সূত্রে খবর, কুলগামে (Kulgam) এখনও একাধিক জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই গোটা অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অব্যাহত রয়েছে। ‘অপারেশন অখল’- (Operation Akhal) এর মাধ্যমে সেনা বোঝাতে চাইছে, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশীয় নিরাপত্তা বজায় রাখতে এই অভিযানগুলি আরও ধারাবাহিক ও কৌশলগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেই সেনার তরফে জানানো হয়েছে। কাশ্মীরে একের পর এক এই সফল অভিযান ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার আধুনিক কৌশল ও কার্যক্ষমতা তুলে ধরছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
