নিউজ পোল ব্যুরো: নতুন বিতর্কে উত্তাল রাজ্যসভা। ভোটার তালিকা সংশোধনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা। বিজেপির অভিযোগ, বুথ লেভেল অফিসারদের (BLO) ‘হুঁশিয়ারি’ দিয়ে কার্যত নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অভিযোগ নিয়ে সরাসরি রাজ্যসভায় তোপ দাগলেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
আরও পড়ুন:
শমীকের (Samik Bhattacharya) দাবি, ভোটার তালিকা সংশোধনের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীন প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। তার বক্তব্য, প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়ায় যুক্ত BLO-দের সতর্ক করে দিচ্ছেন, এ যেন সরাসরি নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা। শুধু তাই নয়, শমীকের অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই মনোভাব রাজ্যের মধ্যে সাংবিধানিক সংকট ডেকে আনছে এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে।
রাজ্যসভায় জমা দেওয়া মুলতবি প্রস্তাবে শমীক স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মানতে BLO-দের বাধ্য না করে তাদের রাজ্য সরকারের আওতায় আনতে চাইছেন মুখ্যমন্ত্রী, যা সাংবিধানিকভাবে ভুল। তার আরও দাবি, ভোটার তালিকায় রোহিঙ্গা ও বাংলাদেশিদের ঢুকিয়ে ভোটব্যাঙ্ক তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নও উঠছে।
এই ইস্যুতে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার দাবি, বিজেপি (BJP) পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে বিকৃত করছে। বরং মুখ্যমন্ত্রীই প্রথম বলেছিলেন, ভুয়ো ভোটার তালিকা বাতিল করতে হবে এবং অন্য রাজ্যের ভোটার ঢোকানো যাবে না। ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি যেন না হয়, সেই কথা বলেই বুথ লেভেল অফিসারদের সতর্ক করেছিলেন তিনি।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ঘিরে এক চরম রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে রাজ্য প্রশাসনের ভূমিকা এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নতুন করে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
