Malda Flood Rescue: নিঝুম রাতে প্রসূতিকে উদ্ধার, মানবিকতার নজির গড়ল ভূতনী থানার পুলিশ

জেলা রাজ্য

নিউজপোল ব্যুরো: চারদিকে বন্যার জল। যোগাযোগের পথ বিচ্ছিন্ন। তার মধ্যেই গভীর রাতে প্রসবযন্ত্রণায় কাতর এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল ভূতনী থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় ফের সামনে এল মানবিকতার ছবি।

ঘটনাটি ঘটে মাঝরাতে। আনুমানিক রাত ১২টা নাগাদ বন্যায় প্লাবিত প্রত্যন্ত এলাকার এক গর্ভবতী মহিলার আচমকাই তীব্র প্রসবযন্ত্রণা শুরু হয়। বন্যার জেরে এলাকার রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় কোনও যানবাহন চলাচল করছিল না। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ভূতনী থানায় ফোন করে পুলিশের সাহায্য চান।

আরও দেখুন:-মাসের পর মাস বেতন বকেয়া, চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ

খবর পাওয়া মাত্রই দেরি না করে উদ্ধার অভিযানে নামে ভূতনী থানার পুলিশ। একটি নৌকা নিয়ে রাতের অন্ধকারে প্লাবিত জলপথ পেরিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছন পুলিশকর্মীরা। চারদিকে অন্ধকার, তার উপর জলের প্রবল স্রোত—সব প্রতিকূলতা উপেক্ষা করেই এগিয়ে যান তাঁরা।

এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রসূতিকে নৌকায় তোলা হয়। টর্চের আলোকে সম্বল করে বিপদসংকুল জলপথ পেরিয়ে তাঁকে নিকটস্থ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময়মতো হাসপাতালে পৌঁছনোয় চিকিৎসার সুযোগ পান ওই মহিলা।

পুলিশের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে পরিবারে। দুর্যোগের রাতে ভূতনী থানার এই মানবিক ভূমিকা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।