Salary Arrears Spark Anger in Chinsurah: মাসের পর মাস বেতন বকেয়া, চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ

জেলা রাজ্য

নিউজপোল ব্যুরো: মাসের পর মাস বেতন না পাওয়ার অভিযোগে চুঁচুড়া পুরসভায় অবস্থান-বিক্ষোভে বসলেন অস্থায়ী কর্মীরা। তাঁদের অভিযোগ, পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীদের কারও পাঁচ মাস, কারও তিন মাস, আবার কারও প্রায় দু’মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না মেলায় সমস্যায় পড়েছেন তাঁরা।

অস্থায়ী কর্মীদের দাবি, বকেয়া বেতন মেটানোর জন্য একাধিকবার পুর প্রশাসন এবং স্থানীয় বিধায়কের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই পুরসভার ভিতরে অবস্থান শুরু করেছেন তাঁরা।

আরও দেখুন:-RailOne-এ বদল নিয়ম, পরিবারের সদস্য বা বন্ধুর জন্যও কাটতে পারবেন Season Ticket

অস্থায়ী কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি রাধেশ্যাম শঙ্খ বণিক বলেন, বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে এর আগেও আন্দোলনে নামতে হয়েছিল। তাঁর অভিযোগ, পুরসভায় প্রশাসনিক পরিবর্তন হলেও কর্মীদের বেতন নিয়ে সমস্যার ছবিতে বিশেষ বদল হয়নি।

তাঁর আরও দাবি, দীর্ঘদিন ধরে পুর প্রশাসক ও বিধায়কের কাছে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু বকেয়া বেতন মেটানোর বিষয়ে এখনও স্পষ্ট কোনও আশ্বাস মেলেনি। দ্রুত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতেই এই অবস্থান-বিক্ষোভ বলে জানান তিনি।

অস্থায়ী কর্মীদের এই আন্দোলনের জেরে পুরসভার কাজকর্মেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন তাঁদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক।