CV Anand Bose: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যপালের রাষ্ট্রপতি শাসন ইঙ্গিত নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুরে (Durgapur) সংঘটিত গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose) এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক মহলে বিতর্ক উসকে দিলেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন।” যদিও তিনি সরাসরি কিছু বলেননি, তবে সংবিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে বলেও জানান।

আরও পড়ুন: Bihar: প্রার্থী তালিকায় পালাবদল! পাটনা সাহিবে নন্দকিশোরকে সরিয়ে কুশওয়াহা

এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোরদার প্রতিক্রিয়া। শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, রাজ্যপাল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য রাখছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “রাজ্যপাল একজন অভিজ্ঞ ব্যক্তি। তবে বাংলার মানুষ কখনই রাষ্ট্রপতি শাসন মেনে নেবেন না। উপরন্তু, সংসদে বিজেপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও নেই।” প্রসঙ্গত, রাজ্যজুড়ে একাধিক ধর্ষণ ও অসামাজিক কার্যকলাপ নিয়ে রাজ্যপাল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর পরিস্থিতির গুরুতরতা সম্পর্কে তাঁর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “রাজ্যপাল (CV Anand Bose) একজন সাংবিধানিক প্রধান। তিনি যা বলেছেন, তা নিয়ে উপযুক্ত মহলেই আলোচনা হবে। তবে রাজ্যের বর্তমান প্রশাসনিক ভাঙন ও আইনশৃঙ্খলার চিত্র তিনি তুলে ধরেছেন।” এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তুলে রাজ্যপাল আসলে তৃণমূলকেই পরোক্ষভাবে সুবিধা করে দিচ্ছেন। তার কথায়, “এই পরিস্থিতিতে এমন মন্তব্য করে রাজ্যপাল (CV Anand Bose) তৃণমূলকে অক্সিজেন দিচ্ছেন।” রাজ্যে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা ইতিমধ্যেই এসে গিয়েছেন, বিধানসভা নির্বাচনও দোরগোড়ায়। এই প্রেক্ষাপটে রাজ্যপালের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole