নিউজপোল ব্যুরো: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’-কে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। এই প্রকল্পকে কেন্দ্র করে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই আবহে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।
অভিযোগপত্রে প্রথম অভিযুক্ত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে তাঁর ব্যক্তিগত সহকারী (PA) সুমিত রায়ের নাম। এছাড়াও অভিযোগপত্রে জাহাঙ্গির খান এবং বিধায়ক দিলীপ মণ্ডল-সহ আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীদের দাবি, অভিযোগের প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার পক্ষ থেকে অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী এই অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) রুজু করে তদন্ত শুরু হবে কি না, তা এখন সম্পূর্ণভাবে পুলিশের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সব মিলিয়ে, তৃণমূলের এক হেভিওয়েট সাংসদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
