মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা—বিনামূল্যে বাস সফরের জন্য আসছে ‘পিঙ্ক কার্ড’!

breakingnews প্রযুক্তি রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের যাতায়াত পরিষেবায় আসছে বড় পরিবর্তন। এবার আর সকলের জন্য এক নিয়ম নয়। যাঁরা সত্যিই এই সুবিধা নিতে চান, শুধুমাত্র তাঁরাই ভবিষ্যতে বিশেষ পিঙ্ক কার্ড ব্যবহার করে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য জিরো ভ্যালু টিকিট চালু রয়েছে। তবে আগামী দিনে এই ব্যবস্থার বদলে চালু করা হবে পিঙ্ক কার্ড। যেসব মহিলা স্বেচ্ছায় বিনামূল্যের যাতায়াত সুবিধা নিতে চান, তাঁরাই এই কার্ড সংগ্রহ করবেন এবং সেই কার্ড দেখিয়েই পরিষেবার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, অনেক কর্মজীবী ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর মহিলা সমাজমাধ্যমে মত প্রকাশ করেছেন যে তাঁরা বাসভাড়া দিতে সক্ষম। সরকারের কাছ থেকে বেতন বা পর্যাপ্ত আয় পাওয়ার পরেও বিনামূল্যে বাসে যাতায়াত করতে তাঁদের অস্বস্তি হয়। তাই তাঁদের উপর এই সুবিধা চাপিয়ে দেওয়া উচিত নয়।

মুখ্যমন্ত্রী এও বলেন, যাঁরা নিজের খরচে টিকিট কেটে যাতায়াত করতে চান, তাঁদের তিনি অভিনন্দন জানান। তাঁর মতে, এতে সরকারি আর্থিক সহায়তা প্রকৃত প্রয়োজনের মানুষদের কাছে আরও ভালোভাবে পৌঁছাবে। বিশেষ করে ছাত্রী, চা-বাগানের শ্রমিক, চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে শহরে আসা মহিলা কিংবা আর্থিকভাবে দুর্বল পরিবারের নারীরা এই সুবিধার বেশি উপকার পাবেন। সরকারের দাবি, পিঙ্ক কার্ড চালু হলে বিনামূল্যের বাস পরিষেবা আরও স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক হবে। একই সঙ্গে যাঁদের এই সুবিধার প্রয়োজন নেই, তাঁরাও নিজের ইচ্ছামতো সাধারণ টিকিট কেটে যাতায়াত করতে পারবেন।