Arjun Singh:”যে শিবিরেই থাকুন, গ্রেফতার হতেই হবে” নির্মল ঘোষকে নিয়ে কড়া বার্তা মন্ত্রী অর্জুন সিংয়ের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আরজি কর-কাণ্ডের তদন্তে নতুন গতি আসতেই ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁর সম্ভাব্য গ্রেফতারি নিয়ে জল্পনার মধ্যেই কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তাঁর স্পষ্ট বক্তব্য, “যে শিবিরেই থাকুন না কেন, অপরাধ করে থাকলে গ্রেফতার হতেই হবে। আইন নিজের পথেই চলবে।”

আরও পড়ুন:Samik Bhattacharya:’এবার ডিম আমাদের মাথায় পড়বে, ডিম খেতে রাজি নই’— অতি উৎসাহে লাগাম টানতে শমীক!

শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তথাকথিত ‘আসল’ তৃণমূলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন নির্মল ঘোষ। রাজনৈতিক মহলে সেই উপস্থিতি নিয়ে জোর আলোচনা শুরু হয়। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, নির্মল ঘোষ কোন রাজনৈতিক শিবিরে থাকবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। তবে আইনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পুলিশ আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে, নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বৈঠকে নির্মল ঘোষ উপস্থিত থাকলেও তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনও আলোচনা হয়নি। তবে শনিবারের পর থেকে নির্মল ঘোষের প্রকাশ্য উপস্থিতি না থাকায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, আরজি কর-কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মরদেহ পানিহাটি শ্মশানে দ্রুত দাহ করার ঘটনায় তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে অতীতে একাধিক অভিযোগ উঠেছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই তদন্তে নতুন গতি আসায় তাঁর বিরুদ্ধে আইনি চাপও বাড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। সেই পরাজয়ের পর এবার নির্মল ঘোষকে ঘিরে গ্রেফতারির জল্পনা এবং অর্জুন সিংয়ের (Arjun Singh) কড়া মন্তব্য পানিহাটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে এখনও পর্যন্ত নির্মল ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা বা পুলিশি পদক্ষেপের কথা প্রকাশ্যে জানানো হয়নি।