Abhishek Banerjee: সবচেয়ে কম নাম বাদ বাংলাতেই! কমিশনের রিপোর্ট হাতিয়ার করে বিজেপিকে কড়া জবাব অভিষেকের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকা থেকে ভুয়ো বা অযোগ্য নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে নির্বাচন কমিশন (Election Commission) যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) শুরু করেছে, তা নিয়ে এবার তীব্র আপত্তি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রক্রিয়া চালানোকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। শনিবার পরিসংখ্যান হাতে নিয়ে সাংবাদিক বৈঠকে অভিষেক দেখান, এসআইআরের নামে বাংলাকেই আলাদা করে নিশানা করা হচ্ছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন! ৩১ তারিখ দিল্লি অভিযানের ডাক দিয়ে মেগা আন্দোলনের বার্তা অভিষেকের

নির্বাচন কমিশনের (Election Commission) নিজস্ব তথ্য উদ্ধৃত করে অভিষেক বলেন, বাংলায় মোট ১০.৫ কোটি ভোটারের মধ্যে ৫৮ লক্ষ ২০ হাজার নাম বাদ গিয়েছে, যা শতাংশের হিসেবে মাত্র ৫.৭৯। অথচ অন্যান্য রাজ্যে এই হার অনেক বেশি। তামিলনাড়ুতে (Tamilnadu) ৭.৭৫ কোটির মধ্যে প্রায় ৫৭.৩০ লক্ষ নাম বাদ গিয়েছে, যা ১২.৫ শতাংশ। গুজরাটে ৯.৯৫ শতাংশ হারে ৬০ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। কেরলে ৬.৬৫ শতাংশ এবং ছত্তিশগড়ে ৮.৭৬ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্য, সংখ্যার হিসেবে বাংলা সবচেয়ে কম হলেও প্রশ্নের মুখে শুধু এই রাজ্যই।

এরপরই নির্বাচন কমিশনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন তিনি। প্রথমত, বাদ যাওয়া ৫৮ লক্ষ নামের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা, তার বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, যদি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই লক্ষ্য হয়, তবে ত্রিপুরা, মেঘালয় বা মিজোরামের মতো সীমান্তবর্তী রাজ্যে কেন এসআইআর হয়নি? তৃতীয় প্রশ্ন, যেখানে বেশি সংখ্যায় নাম বাদ পড়েছে, সেই রাজ্যগুলিকে নোটিস না দিয়ে শুধুমাত্র বাংলাকেই কেন বারবার নোটিস পাঠানো হচ্ছে?

চতুর্থত, যেসব রাজ্যে সর্বাধিক নাম বাদ গিয়েছে, সেখানে কেন মাইক্রো অবজার্ভার পাঠানো হয়নি এবং শুধু বাংলার ক্ষেত্রেই কেন ঘন ঘন নজরদারি? পঞ্চম প্রশ্নে অভিষেক বলেন, এসআইআর শুরুর সময় ৪৫ শতাংশ ম্যাপিংয়ের কথা বলা হলেও পরে তা বেড়ে ৮৯.৬৫ শতাংশ হয়েছে। তাহলে এই ভুল তথ্যের জন্য কমিশন ক্ষমা চাইবে না কেন?

এদিন বঞ্চনার প্রসঙ্গও তোলেন অভিষেক। তাঁর অভিযোগ, বাংলায় দুর্নীতির অজুহাতে ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পের টাকা বন্ধ রাখা হয়েছে, অথচ বিজেপি শাসিত রাজ্যে একই অভিযোগ উঠলেও কেন কেন্দ্র কোনও পদক্ষেপ নেয় না। শনিবার থেকেই বাংলায় এসআইআরের শুনানি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নবাণ যে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল, তা বলাই বাহুল্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole