নিউজ পোল ব্যুরো: প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পূর্বঘোষণা অনুযায়ী চলতি মাসেই নিউটাউনে (NewTown) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবিত দুর্গাঙ্গনের শিলান্যাস হতে যাচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর নিউটাউনে এই প্রকল্পের শিলান্যাস ও ভিতপুজো করবেন মুখ্যমন্ত্রী নিজে। ওই দিনের পর থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গাঙ্গন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। নিউটাউনের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকল্পটি হিডকোর তত্ত্বাবধানে নির্মিত হবে। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, দুর্গাঙ্গন গড়ে তুলতে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।
উল্লেখ্য, প্রায় তিন বছর আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ার পর থেকেই রাজ্যে একটি স্থায়ী দুর্গাপুজোর পরিকাঠামো গড়ে তোলার ভাবনা জোরদার হয়। চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, নিউটাউনে একটি বিশাল দুর্গাঙ্গন তৈরি করা হবে, যেখানে সারা বছর ধরে দুর্গাপুজোর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। সেই ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শুরু হয়।
এরপর গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজেই জানান, চলতি মাসেই দুর্গাঙ্গনের ভিতপুজো সম্পন্ন হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও জানান, ডিসেম্বরেই ভিতপুজোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সুবিধাজনক দিনক্ষণ দেখে পুজো সম্পন্ন করা হবে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানানো হল, আগামী সোমবার অর্থাৎ ২৯ ডিসেম্বর শিলান্যাস ও ভিতপুজো অনুষ্ঠিত হতে চলেছে।
চলতি বছরে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই সেই মন্দির বিপুল জনপ্রিয়তা পেয়েছে এবং পর্যটন আয়ের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইভাবে উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই ধারাবাহিকতাতেই এবার নিউটাউনে দুর্গাঙ্গন নির্মাণের কাজ বাস্তব রূপ নিতে চলেছে।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে হিডকো দুর্গাঙ্গন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। টেন্ডারের শর্ত অনুযায়ী, কাজ শুরু হওয়ার পর দু’বছরের মধ্যে সম্পূর্ণ নির্মাণ শেষ করতে হবে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের মধ্যেই নিউটাউনে আধুনিক ও ঐতিহ্যবাহী দুর্গাঙ্গন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
