নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন চমকের ইঙ্গিত দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ও বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। নিজের উদ্যোগে ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি জানান, আগামী নির্বাচনে তিনি একক লড়াইয়ে নয়, বরং বিরোধী শক্তিগুলিকে একত্রিত করেই ময়দানে নামতে চান। তাঁর বক্তব্য অনুযায়ী, নওশাদ সিদ্দিকির আইএসএফ (ISF) এবং আসাদউদ্দিন ওয়েইসির মিমের সঙ্গে জোট গড়ে তিনি লড়াইয়ের পরিকল্পনা করছেন। এমনকি বামপন্থী দলগুলিকেও এই জোটে সামিল করার আগ্রহ প্রকাশ করেছেন হুমায়ুন (Humayun Kabir), যদিও কংগ্রেসের (Congress) সঙ্গে জোটে যাওয়ার কোনও সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।
শনিবার এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর (Humayun Kabir) স্পষ্ট ভাষায় বলেন, তাঁর মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা এবং একইসঙ্গে বিজেপিকে (BJP) ক্ষমতার বাইরে রাখা। তিনি দাবি করেন, আইএসএফ ও মিমের সঙ্গে হাত মিলিয়ে বাংলার রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করা সম্ভব। আগামী ৩১ জানুয়ারির মধ্যেই রাজ্যের ১৮২টি বিধানসভা আসনে জোটের রূপরেখা, আসন সমঝোতা এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি, ২০২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত জেলা ও ব্লক স্তরের সাংগঠনিক কমিটি গঠন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রাও ঘোষণা করেন।
হুমায়ুন কবীর আরও জানান, ফেব্রুয়ারি মাস থেকেই তিনি হেলিকপ্টারে চেপে গোটা রাজ্যজুড়ে প্রচারে নামবেন এবং শুধু নিজের দলের নয়, জোটের প্রার্থীদের হয়েও প্রচার চালাবেন। প্রার্থী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে শিক্ষাবিদ কামাল হোসেনকে প্রার্থী করা হতে পারে, এমনকি বসিরহাট কেন্দ্র থেকে প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও দাঁড় করানোর কথা ভাবছেন তিনি।
হুমায়ুনের এই রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, প্রত্যেকেরই আলাদা করে রাজনীতি করার অধিকার রয়েছে, তবে বাস্তবতা মানুষই বিচার করবে। অভিষেকের মন্তব্য, আগে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত। বাবরি মসজিদের মতো সংবেদনশীল ইস্যু তুলে রাজনীতি করা ঠিক নয় বলেও তিনি তোপ দাগেন। বিজেপির প্রার্থী হিসেবে অতীতে লড়াই করার প্রসঙ্গ টেনে অভিষেক প্রশ্ন তোলেন, এত বছর পর আবার সেই ইস্যু কেন সামনে আনা হচ্ছে। তাঁর মতে, ধর্মীয় ইস্যুকে হাতিয়ার করে রাজনীতি করা কোনও দায়িত্বশীল নেতার কাজ হতে পারে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
