নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য বড়সড় চমক নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সীমিত সময়ের জন্য একেবারে বাজেট-বান্ধব মূল্যে ডেটা, কলিং এবং বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই বিশেষ অফারটি পাওয়া যাবে বলে জানিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: WBCHSE : ইংরেজি নিয়ে ভয় কাটাতে রাজ্যজুড়ে কর্মশালার পরিকল্পনা শিক্ষা সংসদের
সবচেয়ে আকর্ষণীয় অফারটি মাত্র ২৫১ টাকায়। এই রিচার্জে গ্রাহকরা পাচ্ছেন টানা ৩০ দিনের জন্য ১০০ জিবি হাই-স্পিড ডেটা। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং ৪০০-রও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ। শুধু তাই নয়, বিনোদনপ্রেমীদের জন্য থাকছে ২৩টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, যার মধ্যে রয়েছে JioHotstar, SonyLIV-সহ একাধিক জনপ্রিয় অ্যাপ। বর্তমান সময়ে যখন ডেটা ও ওটিটি সাবস্ক্রিপশনের খরচ ক্রমশ বাড়ছে, তখন এই প্যাকেজ গ্রাহকদের কাছে নিঃসন্দেহে বড় স্বস্তি এনে দিয়েছে। এছাড়াও বিএসএনএল অন্যান্য রিচার্জ প্ল্যানেও ডেটার পরিমাণ বাড়িয়েছে। ২২৫ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হচ্ছে। ৩৪৭ ও ৪৮৫ টাকার প্ল্যানে মিলবে দৈনিক ২.৫ জিবি ডেটা। এমনকি ২৩৯৯ টাকার দীর্ঘমেয়াদি প্ল্যানেও একই সুবিধা রাখা হয়েছে। প্রতিটি প্ল্যানেই থাকছে আনলিমিটেড কলিং ও দৈনিক এসএমএস সুবিধা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ৪জি পরিষেবা চালু করে বিএসএনএল। ওড়িশা থেকে এই পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন ধরেই রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা ৪জি পরিষেবার দাবিতে আন্দোলন করছিলেন। অবশেষে কেন্দ্রের অনুমোদনে দেশজুড়ে প্রায় ৯৮ হাজার ৪জি টাওয়ার বসানো হয়েছে, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। সুইডেন, ডেনমার্ক, চিন ও দক্ষিণ কোরিয়ার পর ভারতই বিশ্বের অন্যতম দেশ, যারা নিজস্ব প্রযুক্তিতে ৪জি পরিষেবা চালু করেছে। বিএসএনএলকে ঘুরে দাঁড় করাতে কেন্দ্র সরকার প্রায় ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, যার সুফল এবার সরাসরি পাচ্ছেন গ্রাহকরা।
