WBCHSE : ইংরেজি নিয়ে ভয় কাটাতে রাজ্যজুড়ে কর্মশালার পরিকল্পনা শিক্ষা সংসদের

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: নতুন বছরে বাংলা মাধ্যমের পড়ুয়াদের ইংরেজি-ভীতি দূর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই লক্ষ্যকে সামনে রেখে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ, যেখানে প্রায় ২০০০ পড়ুয়াকে ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন: CAT 2025: আইআইএমের বাইরে কোন কোন প্রতিষ্ঠানে এমবিএ? জেনে নিন CAT Exam এর সুযোগের পরিধি

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় মোট ১৫০টিরও বেশি স্কুলের পড়ুয়ারা অংশ নেবে। প্রতিদিন দু’টি পর্বে মোট ২০০ জন পড়ুয়াকে ইংরেজি ভাষায় কথা বলা, লেখা ও বোঝার প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ দিনের মধ্যেই এই প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ২০০০ জন ছাত্রছাত্রী উপকৃত হবে বলে জানানো হয়েছে। এই কর্মশালায় অংশগ্রহণ করবে একাদশ শ্রেণির সেই সব পড়ুয়া, যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি। সংসদের তরফে জানানো হয়েছে, বহু বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রী ইংরেজিতে কথা বলতে বা লিখতে গিয়ে মানসিক জড়তা অনুভব করে। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা অনেক সময় পিছিয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই বিশেষভাবে পরিকল্পিত এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, “বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি নিয়ে যে ভয় বা দ্বিধা কাজ করে, তা কাটাতেই এই উদ্যোগ। ধাপে ধাপে রাজ্যের সমস্ত জেলায় এমন প্রশিক্ষণ শিবির চালু করা হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলার নির্বাচিত স্কুলগুলির পড়ুয়াদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা মহলের মতে, এই উদ্যোগ বাংলা মাধ্যমের পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াতে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে বড় ভূমিকা নেবে।