Geography subject: ‘ভূগোল’ পড়বেন এমএ না এমএসসি— কোন পথে বেশি সুযোগ চাকরির?

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আজকের পৃথিবীতে ভূগোল (Geography subject) আর শুধুমাত্র পাহাড়, নদী, সমভূমির পাঠ নয়। প্রযুক্তির হাত ধরে এই বিষয়টি হয়ে উঠেছে আধুনিক, প্রাসঙ্গিক ও পেশাভিত্তিক। জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং আজকের শহর পরিকল্পনা, পরিবেশ বিশ্লেষণ, এমনকি দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সমস্ত ক্ষেত্রেই কাজ করছেন আধুনিক ভূগোলের ছাত্রছাত্রীরা। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন— ভূগোল (Geography subject)-এ স্নাতকোত্তরে এমএ করা ভাল, না এমএসসি?

আরও পড়ুন:Sonakshi Sinha: সলমনের ট্যুর থেকে বাদ পড়ে নতুন গুঞ্জন! অন্তঃসত্ত্বা জল্পনায় ফের সোনাক্ষী সিন্‌হা

বিশেষজ্ঞদের মতে, ডিগ্রির নাম আলাদা হলেও পাঠ্যক্রম প্রায় এক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা সুমনা বন্দ্যোপাধ্যায় বলেন, “এমএ বা এমএসসি— পাঠ্যক্রম একই রকম। তাই চাকরির ক্ষেত্রেও আলাদা করে পার্থক্য তৈরি হয় না।” অন্য দিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায়ের মতে, প্রাকৃতিক ভূগোলের গভীর বোঝাপড়ার জন্য বিজ্ঞানের প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। তিনি বলেন, “গণিত ও পদার্থবিদ্যা মাইনর বিষয় হিসাবে রাখলে সুবিধা হয়, কারণ ভূগোল অনেকাংশেই এখন ডেটা-নির্ভর।” বর্তমানে রাজ্যের নানা বিশ্ববিদ্যালয়ে ভূগোল (Geography subject) পড়ানো হয় বিভিন্ন স্তরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ও এমএসসি দুই বিভাগেই, প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মূলত এমএসসি হিসাবে, আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এমএ পড়ানো হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও দুই বিভাগেই পড়ার সুযোগ রয়েছে। অর্থাৎ কলা বা বিজ্ঞান— উভয় বিভাগের ছাত্রছাত্রীরাই এই বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ মজুমদার জানান, “ভূগোল বুঝতে গেলে পদার্থবিদ্যা ও গণিতের প্রাথমিক জ্ঞান জরুরি। পাহাড়ের গঠন, নদীর প্রবাহ বা ভূমিরূপ বিশ্লেষণে অঙ্কের প্রয়োগ অপরিহার্য।” ফলে বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকলে এমএসসি ভূগোল বেছে নেওয়াই যুক্তিযুক্ত, যদিও এমএ ভূগোলও (Geography subject) সমান মর্যাদাপূর্ণ। চাকরির ক্ষেত্রেও সুযোগ বিস্তর। জিআইএস অ্যানালিস্ট, রিমোট সেন্সিং বিশেষজ্ঞ, মানচিত্র প্রণেতা, পরিবেশ পরামর্শদাতা— এসবের পাশাপাশি ইসরো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বন বিভাগে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। গবেষণার ক্ষেত্রও প্রসারিত হচ্ছে দ্রুত। অর্থাৎ, এমএ হোক বা এমএসসি— মূল বিষয় হল আগ্রহ ও দক্ষতা। বিজ্ঞানমনস্ক কৌতূহল আর তথ্য বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থাকলে ভূগোল (Geography subject) পড়া কেবল একাডেমিক নয়, পেশাগত জীবনেও এনে দিতে পারে স্থায়ী দিশা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole