নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি করল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) রায়। দলত্যাগ বিরোধী আইনের অধীনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা দত্ত পাল-এর বেঞ্চ জানায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুকুল রায়কে (Mukul Roy) বৈধ বিধায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত আইনসম্মত নয়। ফলে বিধানসভায় তার সদস্যপদ কার্যত শূন্য ঘোষণা হল।
আরও পড়ুন: BJP MLA on CAA: সিএএ আবেদনকারীদের ভোটাধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য, অন্দরে চাপানউতোর বিজেপিতে
এই রায় প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই রায়কে “ঐতিহাসিক সিদ্ধান্ত” বলে অভিহিত করে সোশ্যাল মিডিয়ায় লেখেন,“ন্যায় শেষমেশ প্রতিষ্ঠিত হল। দলত্যাগ বিরোধী আইনের মর্যাদা রক্ষা করল আদালত।” শুভেন্দুর দাবি, এই রায় প্রমাণ করল যে তৃণমূল (TMC) সরকার দলত্যাগ বিরোধী আইনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আদালতের রায় মানতেই হবে। তবে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দ্বিচারিতা আজ স্পষ্ট। নিজের পরিবারে দলত্যাগ নিয়ে তিনি নীরব থাকেন, আর অন্যদের ক্ষেত্রে আইন শেখান।” তিনি আরও জানান, “মুকুলদা (Mukul Roy) এখন অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।”
উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy)। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে এসেছিলেন তিনি। কিন্তু ভোটের পরপরই আবার তৃণমূলের ঘরে ফিরে আসেন। ২০২১ সালের ১১ জুন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘরে ফেরেন তিনি। এরপর থেকেই বিজেপি (BJP) দাবি করে আসছিল, মুকুল রায় দলত্যাগ বিরোধী আইন ভেঙেছেন। যদিও স্পিকার তখন বিজেপির অভিযোগ খারিজ করে তাকে বৈধ বিধায়ক ঘোষণা করেন এবং পরে তাকে PAC চেয়ারম্যানও করেন।
শেষ পর্যন্ত দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাই কোর্ট স্পিকারের সিদ্ধান্ত বাতিল করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিল। এই রায় রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন তরঙ্গ তুলেছে। বিজেপি এই রায়কে নিজেদের নৈতিক জয়ের স্বীকৃতি হিসেবে দেখছে, আর তৃণমূল বলছে, “আইন আদালত যেটা বলেছে, সেটাই চূড়ান্ত, কিন্তু রাজনীতি হবে মানুষের পাশে থেকে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
