নিউজ পোল ব্যুরো: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Fire) প্রাণ হারানোদের পরিবারগুলির জন্য পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, মৃতদের দেহ বা দেহাংশ শনাক্ত হওয়ার পরই সংশ্লিষ্ট পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে। পাশাপাশি, মৃতদের পরিচয় নিশ্চিত করতে আগামীকাল ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবে প্রশাসন।
এই অগ্নিকাণ্ডে (Anandapur Fire) এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং ১৫ জনের বেশি মানুষ নিখোঁজ বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ১৪টি পরিবার তাঁদের স্বজনদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছে। আদালতের অনুমতি মিললেই ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার মাধ্যমে দেহাংশের সঙ্গে পরিবারের সদস্যদের নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হলে আর্থিক সাহায্য দেওয়া হবে।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “ডেথ সার্টিফিকেট পাওয়ার পর প্রতিটি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বহু মানুষের প্রাণ গিয়েছে। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এখনও সেগুলির পরিচয় নিশ্চিত করা যায়নি।” তিনি আরও জানান, নিখোঁজদের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত চলছে।
ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ বলেই প্রশাসনের দাবি। নিয়ম অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া এই পরীক্ষা করা যায় না। সেই কারণেই আগামীকাল পুলিশ আদালতে আবেদন জানাবে। এর পাশাপাশি, এই অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় ইতিমধ্যেই দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার ভোররাতে প্রায় তিনটে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত দমকল ও পুলিশে খবর দেন। ঘটনাস্থলে প্রথমে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। পরে আরও ৪টি ইঞ্জিন যোগ দেয়। টানা দেড় দিনের চেষ্টার পর মঙ্গলবার দমকলের ১৬টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সরকারি ভাবে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হলেও, পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার নাজিরাবাদের পোড়া দুই গুদাম থেকে ৮ জনের দেহাংশ উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
