আকাশ কালো করে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া কলকাতা শহর

নিউজপোল ব্যুরো: পুজোর প্রস্তুতির মাঝেই বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশের মুখ ভার। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও অস্বস্তিকর করে তুলতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনেও পুরোপুরি কাটছে না বৃষ্টির সম্ভাবনা।

বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে সরে যেতে পারে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদল এসেছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—এই ছয় জেলায় এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও হতে পারে।

কলকাতাতেও আজ আকাশ মূলত মেঘলা থাকবে। এক-দু’দফা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। ফলে বৃষ্টি নামলেও গরম ও আর্দ্রতার অস্বস্তি পুরোপুরি কাটবে না।

শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বিশেষ নজর রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি চলতে পারে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হলে ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও বাড়বে। অর্থাৎ, পুজোর আগে এখনই বর্ষার রাশ পুরোপুরি ছাড়ছে না বাংলা।