তরুণজ্যোতির মামলায় শেষরক্ষা হলো না! শেষ পর্যন্ত পুরুলিয়া থেকে গ্রেপ্তার প্রাক্তন TMC কাউন্সিলার দেবরাজ

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: শেষ পর্যন্ত আইনের জালেই ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী! দীর্ঘদিন ধরে তোলাবাজি, দুর্নীতি এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি তৈরির অভিযোগ ঘিরে যাঁর নাম বারবার সামনে এসেছে, সেই দেবরাজকে এবার গ্রেপ্তার করল পুলিশ। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে আটক করে বিধাননগর পুলিশের একটি দল। দেবরাজ চক্রবর্তী একসময় বিধাননগর পুরসভার কাউন্সিলার ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগকে সামনে রেখেই বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আইনি লড়াই শুরু করেছিলেন। সেই মামলার তদন্ত এগোতেই নতুন করে চাপ বাড়ে দেবরাজের উপর।

সম্প্রতি দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, গায়িকা তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। আদালত দেবরাজের আবেদন খারিজ করে দেয়। তবে অদিতি মুন্সি আগাম জামিন পান। অভিযোগ রয়েছে, গত পাঁচ বছরে দেবরাজ ও তাঁর স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে উঠেছে। এই সম্পত্তির উৎস নিয়েই তদন্তের দাবি ওঠে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে ভিন্ন অবস্থান জানানো হয়েছে এবং মামলাটি বিচারাধীন।

পুলিশ সূত্রের খবর, বাগুইআটি থানায় দায়ের হওয়া একটি পুরোনো মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়া থেকে আটক করার পর তাঁকে আইনি প্রক্রিয়া মেনে বিধাননগরে আনা হচ্ছে। এখন সকলের নজর আদালতের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তে সামনে আসা নতুন তথ্যের দিকে।