নিউজ পোল ব্যুরো: নির্বাচনের মুখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিহারে (Bihar)। এনডিএ (NDA) জোটে আসন রফা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি (BJP) প্রকাশ করল তাদের প্রথম প্রার্থী তালিকা এক ধাক্কায় চমকও, প্রশ্নও উঠে গেল রাজনৈতিক মহলে।
প্রথম দফায় ৭১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তালিকায় অনুপস্থিত এক প্রভাবশালী নাম বর্তমান বিধানসভার স্পিকার ও বর্ষীয়ান নেতা নন্দকিশোর যাদব। ২০১০ সাল থেকে পাটনা সাহিব কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসা এই নেতাকে বাদ দিয়ে এবার সেখানে প্রার্থী করা হয়েছে রত্নেশ কুশওয়াহাকে। সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ ও স্পষ্ট বার্তা বহন করে: দলে প্রজন্ম পরিবর্তনের বার্তা দিতে চাইছে বিজেপি।
আরও পড়ুন: EPFO-র নিয়মে বড় বদল, এবার আরও বেশি টাকা তোলা যাবে প্রভিডেন্ট ফান্ড থেকে, তাও কারণ না দেখিয়েই!
তবে তালিকায় রয়েছেন দলের একাধিক হেভিওয়েট নেতা। বিহারের (Bihar) উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাপুর কেন্দ্র থেকে, অপর উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা লড়বেন লখিসরাই থেকে। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ (কাটিহার), মঙ্গল পাণ্ডে (সিওয়ান), প্রেম কুমার (গয়া), অলোক রঞ্জন ঝা (সহরসা)–এরা প্রত্যেকেই তালিকায় জায়গা পেয়েছেন।
আরজেডি ঘনিষ্ঠ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদব এবার বিজেপির টিকিটে দানাপুর থেকে লড়বেন। এদিকে রবিবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের রূপরেখা ঘোষণা করেছে এনডিএ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। চিরাগ পাসওয়ানের এলজেপি (রামবিলাস) পাবে ২৯টি আসন, জিতনরাম মাঝির রাষ্ট্রীয় লোক মর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা লড়বে ৬টি করে আসনে।
যদিও আসন বণ্টন নিয়ে এনডিএ-র অন্দরে চূড়ান্ত সমঝোতা সহজে আসেনি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, জেডিইউ-কে অন্তত একটি আসন বেশি দিতে হবে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে বিজেপি-জেডিইউ সমতায় পৌঁছায়। আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে তিন দফার বিহার (Bihar) বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা ১৪ নভেম্বর। গেরুয়া শিবির এখন শুধু ভোটের ময়দানে নেমে জয়ের অপেক্ষায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
