Mahavatar Narsimha: PVR-এ ‘মহাবতার নরসিংহ’ সিনেমা চলাকালীন ভাঙল ছাদ, ছড়াল ব্যপক আতঙ্ক

দেশ

নিউজ পোল ব্যুরো: অশ্বিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’, (Mahavatar Narsimha) সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে। সেইভাবে প্রচারের আলোকে না থাকলেও দেশের নানা জায়গাতেই সিনেমাহল হাউসফুল। অ্যানিমেটেড সিনেমা হলেও দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা। সেই সিনেমা চলাকালীন হলে ঘটল বিপত্তি। গুয়াহাটির একটি পিভিআর (PVR) সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের সময় হলের সিলিং ভেঙে পড়ে ছড়াল আতঙ্ক। হল জুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা।

পিভিআর (PVR) হলের সিলিং ভেঙে শিশুসহ কমপক্ষে তিনজন আহত হন।

রবিবার রাতে ‘মহাবতার নরসিংহ’ সিনেমা চলাকানীন যখন দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন সেই সময়ে সময় হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই সিনেমা হলের কর্মীরা সিনেমা প্রদর্শন বন্ধ করে দর্শকদের সরিয়ে সেই ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সাহায্য করেন। মল কর্তৃপক্ষও উদ্ধার প্রচেষ্টায় যোগ দেয়। কিন্তু হলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটার পর দর্শকরা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ সিনেমাটি প্রদর্শন সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং কাঠামোগত ব্যর্থতার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনা নিয়ে মল ব্যবস্থাপনা এবং পিভিআর কর্মকর্তারা এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। ঘটনার পর বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভবনের সিলিং এবং কাচের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দর্শকরা তাদের আসন ছেড়ে করিডোরের কাছে দাঁড়িয়ে রয়েছেন।

ইতিমধ্যে, মহাবতার নরসিংহ (Mahavatar Narsimha) একটি বিরাট সাফল্য পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির ১০ দিন পরেও অ্যানিমেটেড ছবিটির প্রতি মানুষের আকর্ষণ কমেনি উল্টে হাউসফুল হচ্ছে। রবিবার, ছবিটি ১৩.৪০ কোটি টাকা আয় করেছে এবং পাশাপাশি ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ এখন ৮১.২৫ কোটি টাকা। ছবিটি ইসকনের কাছ থেকে প্রশংসা পেয়েছে। অশ্বিন কুমারের লেখা ও পরিচালিত ‘মহাবতার নৃসিংহ’ সকল বয়সের দর্শকদের আকৃষ্ট করেছে। হোম্বলে ফিল্মসের ব্যানারে নির্মিত, ‘মহাবতার নৃসিংহ’ ভগবান বিষ্ণুর অর্ধ-মানব এবং অর্ধ-সিংহ অবতার ভগবান নৃসিংহের উপর আলোকপাত করে নির্মাণ করা হয়েছে। এই প্রযোজনা সংস্থাটি ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি এবং ‘কানতারা’-এর মতো পুরষ্কারপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি উপস্থাপনের জন্য পরিচিত। চলতি বছরের অক্টোবরে ‘কানতারা: চ্যাপ্টার ১’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।