নিউজ পোল ব্যুরো: দেবীপক্ষে রাজনীতির রঙ আরও ঘন হতে চলেছে। চলতি সপ্তাহেই দুর্গাপুজোর (Durgapuja 2025) উদ্বোধনে বাংলায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন দুপুরে কলকাতায় (Kolkata) পৌঁছবেন তিনি। তার সফরের মূল আকর্ষণ, দুটি দুর্গাপুজোর উদ্বোধন।
প্রথম গন্তব্য, উত্তর কলকাতার (Kolkata) ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কোয়ার। এবারের পুজো থিম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যা ৯০তম বর্ষে পা দেওয়া এই পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে। উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিজেপি (BJP) নেতা সজল ঘোষ। থিম-পুজোয় বরাবরই চমক দিয়ে এসেছেন তিনি কখনও রামমন্দির, কখনও লালকেল্লা। এবার সেই ধারাতেই আরও এক ধাপ এগিয়ে ‘অপারেশন সিঁদুর’-এ উঠে আসছে দেশভক্তি ও সামরিক অভিযান ঘিরে এক অভিনব দৃষ্টিভঙ্গি। এবং এই থিমেরই শুভ সূচনা করতে চলেছেন অমিত শাহ নিজে।
এরপর শাহ (Amit Shah) যাবেন নিউ টাউনের ইজেডসিসি-র দুর্গাপুজো উদ্বোধনে। আয়োজক সংগঠন ‘পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ’ হলেও, এই পুজোর নেপথ্যে মূল ভূমিকা রয়েছে বিজেপির একাধিক নেতার। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) থেকে শুরু করে অন্যান্য শীর্ষ নেতারা এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। একসময় তৃণমূল (TMC) থেকে বিজেপিতে যাওয়া, পরে আবার তৃণমূলে ফেরা মুকুল রায়ের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল বিজেপির সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবেই। তবে কয়েক বছর থেমে থাকার পর এবার আবার ঘুরপথে ফিরছে সেই উদ্যোগ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
যদিও এখনও পর্যন্ত এই দু’টি পুজো উদ্বোধনই চূড়ান্ত, বিজেপি সূত্রে ইঙ্গিত—সূচিতে বদল এলে তৃতীয় আরেকটি পুজোতেও যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। নির্বাচনের আগে পুজো মঞ্চে এমন হাই-প্রোফাইল উপস্থিতি যে বঙ্গ রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা বহন করে, তা বলাই বাহুল্য।
