নিউজ পোল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশন (SSC Answer Sheet) একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করেছে। এর আগে নবম-দশম শ্রেণির মডেল উত্তরপত্র প্রকাশিত হয়েছিল। শনিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবারে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরাও নিজেদের উত্তর যাচাই করতে পারবেন এবং প্রয়োজনে প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:Indu Series: পুজোয় রহস্যের পরিসমাপ্তি, ২৭ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘ইন্দু ৩’
চলতি বছরের এসএসসির লিখিত পরীক্ষা হয়েছিল ৭ এবং ১৪ সেপ্টেম্বর। মোট ৩৫টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল ১১টি বিষয়ের পরীক্ষা। সেই অনুযায়ী মডেল উত্তরপত্র (SSC Answer Sheet) কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা যদি মনে করেন, কোনও প্রশ্ন বা উত্তরে গরমিল রয়েছে, তাহলে তাঁরা চ্যালেঞ্জ জানাতে পারবেন।
চ্যালেঞ্জ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর। এই পাঁচ দিনের মধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে দেখে আপত্তি জানাতে পারবেন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumder) আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা যেন নিজেদের উত্তর যাচাই করে যথাযথ প্রমাণ-সহ চ্যালেঞ্জ করেন। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আপত্তি জানাতে পরীক্ষার্থীদের ১০০ টাকা করে জমা দিতে হবে। তবে বিশেষজ্ঞ কমিটি যদি সংশ্লিষ্ট আপত্তিকে সঠিক বলে মনে করে, তাহলে সেই টাকা ফেরত দেওয়া হবে।
চ্যালেঞ্জের সময়সীমা শেষ হলে বিশেষজ্ঞ কমিটি সব অভিযোগ খতিয়ে দেখবে। তারপর তাঁদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত উত্তরপত্র (SSC Answer Sheet) আপলোড করা হবে। উৎসব পর্ব মিটলেই, অর্থাৎ অক্টোবরের শেষের দিকেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের সময় প্রতিটি পরীক্ষার্থী কত নম্বর পেলেন তার বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসএসসি (SSC Answer Sheet) সূত্রে জানা গিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর নভেম্বর মাস থেকেই ইন্টারভিউ নেওয়া শুরু হবে। যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের জন্যই থাকবে এই ইন্টারভিউয়ের সুযোগ। ফলে এখন কার্যত চূড়ান্ত উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজার হাজার পরীক্ষার্থী। কমিশনের এই উদ্যোগে পরীক্ষার্থীরা যেমন স্বচ্ছতার সঙ্গে নিজেদের মূল্যায়ন করতে পারবেন, তেমনই চূড়ান্ত ফলাফলের উপরও থাকবে বাড়তি আস্থা। এখন সকলের নজর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়া চ্যালেঞ্জ ও তার পরবর্তী ফলাফলের দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
