Mamata Banerjee: ‘GST রাজ্যের কৃতিত্ব, নয় কেন্দ্রের’, পুজোর মঞ্চ থেকে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: পূজোর আনন্দের আবহে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কলকাতার খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর (Durgapuja 2025) উদ্বোধনে গিয়ে জিএসটি সংস্কার নিয়ে ফের মুখ খুললেন তিনি। তার দাবি, জিএসটি (GST) সংশোধনের কৃতিত্ব আদতে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকার ‘অনর্থক বাহবা’ নিচ্ছে।

আরও পড়ুন: Supreme Court: আহমেদাবাদ দুর্ঘটনায় পাইলটের উপর দায় চাপানো ‘দুর্ভাগ্যজনক’, তদন্তে নিরপেক্ষতা চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আজ থেকে নতুন জিএসটি কার্যকর হয়েছে, বহু পণ্য সস্তা হয়েছে ঠিকই। কিন্তু এর জন্য কেন্দ্র নয়, রাজ্য সরকারই পরিশ্রম করেছে। বিমা সহ একাধিক জরুরি পরিষেবায় জিএসটি তুলে দেওয়ার দাবিতে আমি প্রথম কেন্দ্রকে চিঠি লিখেছিলাম। তখন কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি। আজ সেই দাবিই বাস্তবায়িত হয়েছে রাজ্যের চাপের ফলে।” তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম না করলেও পরোক্ষে তার দিকেই কটাক্ষ ছুঁড়ে বলেন, “যিনি কৃতিত্ব নিচ্ছেন, তিনিই আবার আত্মনির্ভরতার কথা বলেন। অথচ এই পদক্ষেপে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে, যা রাজ্যের কোষাগার থেকেই যাবে। কেন্দ্র এক পয়সাও দিচ্ছে না ক্ষতিপূরণ হিসেবে।”

এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বঞ্চনার ফিরিস্তিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার অভিযোগ, “১০০ দিনের কাজের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, রাস্তা, জল, শিক্ষা—সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে দিল্লি। আর এখন আবার জিএসটি সংস্কারের নামে ২০ হাজার কোটি টাকার বোঝা চাপানো হচ্ছে রাজ্যের ঘাড়ে।” তবু সিদ্ধান্তে খুশি মমতা। বললেন, “মানুষের উপকার হয়েছে, তাই ভালো লেগেছে। কিন্তু কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই, এই প্রকল্পের সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকারই নিয়েছে।” পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে বিজ্ঞাপন দিয়ে স্পষ্ট ব্যাখ্যার নির্দেশও দেন তিনি। তার মন্তব্য, “এটা আমাদের রাজস্ব থেকেই কাটা হয়েছে। এখন একটাই কর, কিন্তু নাম নিচ্ছে ওরা।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole