Supreme Court: আহমেদাবাদ দুর্ঘটনায় পাইলটের উপর দায় চাপানো ‘দুর্ভাগ্যজনক’, তদন্তে নিরপেক্ষতা চায় সুপ্রিম কোর্ট

দেশ

নিউজ পোল ব্যুরো: গত ১২ জুন আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) দায়ভার প্রাথমিক তদন্তে একরকমভাবে পাইলটদের কাঁধে চাপিয়ে দেওয়াকে কড়া ভাষায় সমালোচনা করল দেশের শীর্ষ আদালত। সোমবার এক গুরুত্বপূর্ণ শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, “পাইলটদের দিকে তাড়াহুড়ো করে আঙুল তোলা যেমন দুর্ভাগ্যজনক, তেমনই দায়িত্বজ্ঞানহীন।”

আরও পড়ুন: Fire on cargo ship : পোরবন্দরে নোঙর করা জাহাজে আগুন, মালপত্রের ব্যাপক ক্ষতির আশঙ্কা

লন্ডনগামী ওই এয়ার ইন্ডিয়া (Air India) বিমানে ২৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়, যখন তা আহমেদাবাদ বিমানবন্দর (Ahmedabad Plane Crash) থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে। দুর্ঘটনার পরে জুলাই মাসে ‘এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (AAIB) প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে দাবি করা হয়, বিমানের জ্বালানি সুইচ আচমকা বন্ধ হয়ে গিয়েছিল, এবং ককপিটের অডিওতে দুই পাইলটের মধ্যে বিভ্রান্তিকর কথোপকথন শোনা যায় – যেখানে একজন বলছেন, “তুমি কেন বন্ধ করলে?”, অপরজনের উত্তর, “আমি করিনি।”

এই তদন্ত রিপোর্টের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, মূল প্রযুক্তিগত ত্রুটি এবং জ্বালানি ব্যবস্থার সমস্যা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে, পাইলটদেরই দায়ী করা হয়েছে। তাদের দাবি, দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন, যাতে কারও বিরুদ্ধে অগ্রিম সিদ্ধান্ত নেওয়া না হয়। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ জানায়, “যদি পরে প্রমাণিত হয় যে পাইলটদের কোনও দোষ ছিল না, তবে আগেভাগে দোষারোপ তাদের ও তাদের পরিবারের জন্য মারাত্মক হতে পারে।” সেই সঙ্গে, আদালত (Supreme Court) কেন্দ্রীয় সরকার ও ডিজিসিএ-কে নোটিস পাঠিয়ে তাদের বক্তব্য চেয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল বোয়িং সংস্থার তৈরি—যার বিরুদ্ধে অতীতে একাধিক যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে। মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ প্রশ্ন তোলেন, “১০০ দিনের বেশি কেটে গেলেও কেন এখনো চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি? এখনও কি যাত্রীরা বোয়িং বিমানে নিরাপদ?” এই প্রশ্নগুলির নিরসনে এখন আদালতের (Supreme Court) তত্ত্বাবধানে আরও গভীর তদন্তের অপেক্ষায় গোটা দেশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole