Delhi: টার্গেট দিল্লির ৯ স্কুল! বোমাতঙ্ক ছড়াতেই হুলস্থুল, স্কুলে স্কুলে পৌঁছেছে বম্ব স্কোয়াড

দেশ

নিউজ পোল ব্যুরো: সোমবার সকালে দিল্লির (Delhi) একাধিক নামী স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চরম আতঙ্ক ছড়ায়। সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে পরপর বেশ কয়েকটি হুমকিমূলক ইমেল আসে, যেখানে দাবি করা হয় দিল্লির (Delhi) ন’টি স্কুলে বোমা পুঁতে রাখা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বের করে দেয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও পুলিশ।

হুমকি ইমেলে উত্তেজক ভাষায় লেখা ছিল, “দিল্লি (Delhi) খালিস্তান হয়ে যাবে।” সেখানে আফজল গুরুর প্রসঙ্গও টানা হয়েছে। আরও দাবি করা হয়, বেলা ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। ইমেলের প্রেরক হিসেবে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’-র নাম উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আগামী ১৩ ফেব্রুয়ারি সংসদ ভবনে বিস্ফোরণের হুমকিও ওই বার্তায় দেওয়া হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: North Korea: কোরিয়ান ড্রামা দেখার ‘শাস্তি’ মৃত্যুদণ্ড! কিমের দেশে ৩ কিশোরীকে প্রকাশ্যে ফাঁসি

হুমকি ইমেলে যে স্কুলগুলির নাম উল্লেখ করা হয়েছে, সেগুলি হল—দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, শ্রীনিবাসপুরীর কেমব্রিজ স্কুল, সাদিক নগরের ইন্ডিয়ান স্কুল, রোহিণীর সিএম শ্রী স্কুল, ডিটিইএ স্কুল, বাল ভারতী স্কুল এবং মানব স্থলী স্কুল।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকি পাওয়ার পরই প্রতিটি স্কুলে বম্ব স্কোয়াড পাঠানো হয়। কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে। সমস্ত পড়ুয়াকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষক-শিক্ষিকাসহ স্কুলের কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা জানতে সাইবার সূত্র খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখযোগ্যভাবে, এর আগেও দিল্লির স্কুল ও মেট্রোকে লক্ষ্য করে একাধিকবার বোমা হামলার হুমকি এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole