নিউজ পোল ব্যুরো: মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর পাশে জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। শনিবার এক দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল তাঁদের একসঙ্গে। তবে গান বা রাজনীতি নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল খাওয়াদাওয়ার প্রসঙ্গ। মাইক্রোফোন হাতে নিয়েই মুখ্যমন্ত্রী প্রায় কড়া গলায় বলে উঠলেন, “খাওয়াদাওয়া ঠিক মতো করো। এত রোগা হয়ে যাচ্ছ কেন?” শ্রোতাদের মুখে হাসি ফোটাল সেই মন্তব্য। আর মুখ্যমন্ত্রীর এই পরামর্শ নিয়েই পরে মুখ খুললেন নচিকেতা।
আরও পড়ুন:Zubeen Garg: জ়ুবিনের মৃত্যুশংসাপত্রে ‘জলে ডুবে’ লেখা, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় অসম সরকার
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, তিনি আদতে খাদ্যরসিক নন। খাওয়ার প্রতি তাঁর বিশেষ আগ্রহ নেই। মুখ্যমন্ত্রী নাকি বারবার তাঁকে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। নচিকেতা (Nachiketa Chakraborty) বললেন, “আমাকে অনেক কিছু খেতে বলেছেন উনি। বিশেষ করে কিউই আর ব্লুবেরি খেতে বলেছেন।” তবে গায়কের খাদ্যাভ্যাস পুরোপুরি নিরামিষ। তাঁর কথায়, “আমার খাওয়া বলতে আলুপোস্ত। পশুজাত প্রোটিন আমি খাই না। ডালেই তো প্রোটিন আছে। কিউই, ব্লুবেরি খাওয়া যেতে পারে। আসলে তিনি চান, আমি যেন আরও অনেকদিন গান গাইতে পারি।”
মুখ্যমন্ত্রী যেমন অন্যকে খাওয়াদাওয়ার পরামর্শ দেন, তেমন নিজেও যে যথেষ্ট ফিট, সে কথাও মনে করিয়ে দেন নচিকেতা (Nachiketa Chakraborty)। বরং হালকা মজার ছলেই তিনি বললেন, “ওঁর মতো সুস্থ মানুষ আমি আর দেখিনি। দিনে যদি একটা মানুষ ২০ কিলোমিটার হেঁটে ফেলতে পারেন, তাহলে তাঁকে ডায়েটিশিয়ানের (Dietitian) দরকার পড়ে না। তিনি একাই একশো। পুরো শক্তিকেন্দ্র। ওঁর মতো পরিশ্রম কেউ করতে পারবে না।”
মুখ্যমন্ত্রীর ওজন কমলেও ভিতর থেকে যে তিনি দারুণ ফিট, তা নিয়েও রসিকতা করেন নচিকেতা (NachiketaChakraborty)। গায়কের মন্তব্য, “বাইরে থেকে রোগা। কিন্তু ভিতর থেকে দারোগা!” এই মন্তব্যে উপস্থিত সকলেই হেসে ফেলেন।
নচিকেতার (Nachiketa Chakraborty) চোখে মুখ্যমন্ত্রী তাই এক অদম্য শক্তি, যাঁর শরীর ও মনের জোর দুটোই সমানভাবে অটুট। আর মমতার চোখে নচিকেতা সেই শিল্পী, যাঁর গলা ও সুরকে দীর্ঘায়ু দিতে দরকার সঠিক খাদ্যাভ্যাস। একে অপরকে নিয়ে তাঁদের এই রসিকতা অনুষ্ঠানে এনে দেয় এক ভিন্ন মাত্রা। রাজনীতি ও শিল্পের বাইরে দাঁড়িয়েও সম্পর্কের এমন খুনসুটি যে ভক্তদের মুখে হাসি ফোটাতে পারে, শনিবার তারই প্রমাণ মিলল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
