নিউজ পোল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu) কারুর (Karur) শহরে অভিনেতা বিজয়ের (Actor Vijay) রাজনৈতিক মিছিলে (political rally) ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্ট ঘটনায় (stampede) নড়েচড়ে বসেছে গোটা দেশ। গত শনিবারের সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনায় বড় পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তামিলাগা ভেভট্রি কাজগম (TVK)-এর করুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগনকে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড এবং সাধারণ মানুষের বিপন্ন করার মতো একাধিক মামলা। 
এছাড়াও অভিযোগ আনা হয়েছে দলের সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই দুর্ঘটনার পর অভিনেতা বিজয়ের বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ।
আরও পড়ুন:Makeup Tips :প্যান্ডেল হপিংয়ে ভিজে গেলেও নষ্ট হবে না সাজ, জেনে নিন টেকসই মেকআপ টিপস
এফআইআরে (FIR) স্পষ্ট উল্লেখ রয়েছে যে, বিজয় জেলায় আগে পৌঁছলেও সভাস্থলে আসতে প্রায় চার ঘণ্টারও বেশি দেরি করেন। সেই দীর্ঘ প্রতীক্ষা ও প্রচণ্ড গরমে অধৈর্য হয়ে ওঠেন উপস্থিত প্রায় ২৭ হাজার মানুষ, যদিও কর্তৃপক্ষ প্রথমে অনুমান করেছিল সর্বোচ্চ ১০ হাজার জন আসবেন। তীব্র ভিড় এবং খাবার-পানীয়ের কোনও ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিজয় যখন মঞ্চে উঠে ভাষণ শুরু করেন, তখনই সামনের দিকে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিড়।

অভিনেতা বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়াই রোড শো (road show without permission) করার অভিযোগও তোলা হয়েছে। এই ঘটনার জেরে সোমবার সকালে চাঞ্চল্যকর হুমকি আসে তাঁর নীলাঙ্কারাইয়ের (Neelankarai) বাড়িতে। ফোন করে জানানো হয় যে বাড়িতে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। যদিও পরে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। কারুরের এই দুর্ঘটনা দক্ষিণ ভারতের রাজনৈতিক জমায়েতে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ঘাটতিও সামনে এনেছে। নিহতদের পরিবারের জন্য শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে, আর বিজয়ের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।
