নিউজ পোল ব্যুরো: ন্যাজাটে শেখ শাহজাহান (Sheikh Shajahan) সংক্রান্ত সিবিআই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল সেই ট্রাকচালক, যার গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযুক্ত ট্রাকচালক আবদুল আলিম মোল্লাকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে ন্যাজাট থানার পুলিশ। বসিরহাট (Basirhat) মহকুমার মিনাখাঁ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ট্রাকটি চালাচ্ছিল আবদুল আলিম মোল্লাই। তদন্তকারীদের ধারণা, এই দুর্ঘটনাটি নিছকই একটি পথদুর্ঘটনা ছিল নাকি এর নেপথ্যে পূর্বপরিকল্পিত কোনও ষড়যন্ত্র কাজ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে প্রশ্ন উঠছে কেউ কি এই কাজের জন্য ট্রাকচালককে ভাড়া বা ‘সুপারি’ দিয়েছিল? এই দিকটিই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।
ঘটনার পরপরই ট্রাক থেকে নেমে অভিযুক্ত চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মোটরবাইকে চেপে সে এলাকা ছেড়ে পালায়। সেই সময় থেকেই স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা বাঁধে, এটি সাধারণ দুর্ঘটনা নয়, উদ্দেশ্যপ্রণোদিত হামলা হতে পারে। গত ১০ ডিসেম্বর সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারি এলাকায় একটি চারচাকা গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গাড়িতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
পরে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ছিল শেখ শাহজাহানের (Sheikh Shajahan) বিরুদ্ধে দায়ের হওয়া সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের। দুর্ঘটনার সময় তিনি (Sheikh Shajahan)নিজেও গাড়িতে উপস্থিত ছিলেন। এই ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়িচালক শাহনুর আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ভোলানাথ ঘোষ।
ঘটনার পর বসিরহাটের (Basirhat) ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টে ভোলানাথ ঘোষ মোট আটজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সেই এফআইআরে প্রথম অভিযুক্ত হিসেবে নাম ছিল ট্রাকচালক আবদুল আলিম মোল্লার। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এবার মূল অভিযুক্ত ধরা পড়ায় তদন্ত নতুন মোড় নেবে বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
