নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে একের পর এক অশান্তির ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে। বিভিন্ন জায়গায় এসআইআর-এর কাজে নিযুক্ত সরকারি কর্মীদের ভয় দেখানো, হুমকি দেওয়া ও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে শোকজ নোটিস জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: রাজনীতির মঞ্চ ছাড়িয়ে কবিতায় SIR বিরোধিতা, সরব অভিষেক
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হয়। শুরু থেকেই বিভিন্ন বিষয়কে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর শুনানি পর্ব শুরু হওয়ার পর রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনার ঘটনা সামনে আসে। কোথাও বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে, আবার কোথাও সরকারি আধিকারিকদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে। কোনও কোনও ঘটনায় শাসক দলের জনপ্রতিনিধিদের নামও জড়িয়েছে বলে অভিযোগ।
এই সমস্ত ঘটনার কথা সুপ্রিম কোর্টে (Supreme Court) বিস্তারিতভাবে তুলে ধরে নির্বাচন কমিশন। কমিশনের (Election Commission) দাবি, হুমকি, হিংসা ও ভয় দেখিয়ে পরিকল্পিতভাবে এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা চলছে। পাশাপাশি, বেশ কিছু ঘটনায় পুলিশের পক্ষ থেকে এফআইআর নথিভুক্ত না করার অভিযোগও জানানো হয়। এই পরিস্থিতিতেই শীর্ষ আদালত রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডিজিকে শোকজ করে এবং ব্যক্তিগত হলফনামা চায়।
এদিকে, আদালত (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে ইআরও-দের হাতেই। নথি যাচাইয়ের কাজ শেষ করার জন্য ১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে। পাশাপাশি, এসআইআর প্রক্রিয়ায় কোনও ধরনের বাধা বরদাস্ত করা হবে না বলেও রাজ্যকে কড়া বার্তা দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
এই শোকজ প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে বঙ্গ বিজেপি (BJP)। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তাঁর দাবি, ডিজিকে শোকজ করার অর্থ কার্যত রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) শোকজ করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
