নিউজ পোল ব্যুরো: ভারতের সঙ্গে সংঘর্ষে বড়সড় ধাক্কা খাওয়ার পরও যুদ্ধজয়ের দাবি থেকে একচুলও সরে আসতে রাজি নয় পাকিস্তান (Pakistan)। সেই বিতর্কিত দাবিকে আরও জোরালো করতে এবার ধর্মীয় আবেগকে সামনে আনলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Asim Munir)। তাঁর বক্তব্য, ভারতের বিরুদ্ধে সংঘাত চলাকালীন পাকিস্তান নাকি সরাসরি আল্লাহর বিশেষ সাহায্য পেয়েছিল। শুধু তাই নয়, সেই “ঈশ্বরিক সহায়তা” তিনি নিজে অনুভব করেছেন বলেও দাবি করেছেন।
সম্প্রতি ইসলামাবাদে (Islamabaad) আয়োজিত জাতীয় উলেমা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুনির (Asim Munir) ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের কঠিন মুহূর্তে আল্লাহ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই সাহায্যের প্রভাব নাকি চোখে পড়ার মতো ছিল। তাঁর (Asim Munir) কথায়, “আমরা সেই ঐশ্বরিক সহায়তাকে প্রত্যক্ষ করেছি এবং গভীরভাবে উপলব্ধি করেছি।”
ধর্মীয় আবেগকে আরও উসকে দিতে গিয়ে পাক সেনাপ্রধান ১৪০০ বছর আগের আরবের ইসলামি শাসনের সঙ্গে বর্তমান পাকিস্তানের তুলনা টানেন। বক্তব্যের একাধিক পর্যায়ে কোরানের আয়াত উদ্ধৃত করে তিনি বোঝানোর চেষ্টা করেন যে পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব ও ভবিষ্যৎ ইসলামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুসলিম নেতাদের উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্বে ৫৭টি মুসলিম দেশ থাকলেও আল্লাহ নাকি বিশেষভাবে পাকিস্তানকে আশীর্বাদ করেছেন। তাঁর দাবি অনুযায়ী, পাকিস্তানকে “সৎ মুসলিমদের রক্ষাকর্তা” হিসেবে গড়ে তোলা হয়েছে।
এই বক্তব্যের পাশাপাশি পশ্চিম সীমান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আফগানিস্তানকেও আক্রমণ করেন মুনির। তিনি জানান, তালিবানকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে তারা পাকিস্তানের পক্ষে থাকবে, নাকি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP) সঙ্গে সম্পর্ক রাখবে। তাঁর অভিযোগ, পাকিস্তানে ঢুকে পড়া বহু সন্ত্রাসীর মধ্যেই আফগান নাগরিক রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। সেই ঘটনার জবাবে ৭ মে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে নির্ভুল আঘাত হানে। ‘অপারেশন সিঁদুর’-এ বহু জঙ্গি নিহত হয় এবং সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস হয়। পালটা হিসেবে পাকিস্তান ভারতের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালালেও ভারতের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ব্যর্থ করে দেয়। পরে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত।
এরপর থেকেই আন্তর্জাতিক মহলে নিজেদের ‘বিজয়ী’ হিসেবে তুলে ধরতে নানা প্রচার শুরু করে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক ভুয়ো ও এআই-নির্ভর ভিডিও। বিশ্লেষকদের মতে, সেনার মনোবল ধরে রাখতে এবং দেশের ভিতরে সমর্থন আদায় করতেই এবার ধর্মীয় বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন পাক সেনাপ্রধান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
