AFC Nations League: উয়েফার মত নেশনস লিগ চালু হতে চলেছে এশিয়ায়

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: উয়েফার (UEFA) ধাঁচে এবার শুরু হতে চলেছে এএফসি নেশনস লিগ (AFC Nations League)। এশিয়ার দেশগুলোকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। খুব দ্রুত শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এর ফলে ভারতের জাতীয় দলের কাছে সুযোগ থাকবে এশিয়ার শীর্ষ দেশ গুলোর বিরুদ্ধে খেলার।

আরও পড়ুন:U19 Asia Cup final : এশিয়া কাপ ফাইনালে ১৯১ রানে পাকিস্তানের কাছে হার ভারতের

রবিবার এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ৪৭টি সদস্যদেশ নিয়ে তারা নেশনস লিগ চালু করতে যাচ্ছে। লক্ষ্য একটাই—এশিয়ার জাতীয় দলগুলোকে নিয়মিত ও মানসম্পন্ন প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া। ঠিক কবে এই নেশনস লিগ শুরু হবে, তা জানায়নি এএফসি। তবে তারা জানিয়েছে, খুব দ্রুতই শুরু হবে টুর্নামেন্টটি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাইরে ফিফা আন্তর্জাতিক বিরতিতেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নতুন বছরের শুরুতেই এই টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যেতে পারে। এই টুর্নামেন্ট শুরু হলে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কিছুটা হলেও কাটতে পারে। চলতি মরসুমে আইএসএল (Indian Super League) আদৌ হবে কি না, সে বিষয়ে সংশয় বাড়ছে। আই লিগ (I-League) নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে ফুটবলাররা হতাশ হয়ে বসে আছেন। তাঁরা এখন কোথাও খেলার সুযোগ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এএফসি নেশনস লিগে ভারতীয় দল খেলার সুযোগ পেলে জাতীয় শিবির হবে। সেই শিবিরে ৩০-৩৫ জন ফুটবলার ডাক পেতে পারেন। ফলে ভারতীয় ফুটবল আবার সচল হতে পারে।

এএফসির জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন বলেন, আমাদের ৪৭টি সদস্যদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে এএফসি নেশনস লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে এমন কাঠামোর একটি টুর্নামেন্ট ফুটবল সূচিকে আরও আকর্ষণীয় করবে এবং মানসম্পন্ন ম্যাচ উপহার দেবে। একই সঙ্গে জাতীয় দলগুলো অবকাঠামো ও আর্থিক উন্নয়নের দিকেও মনোযোগ দিতে পারবে। ’

উয়েফার মতো যদি এএফসি চার স্তরের নেশনস লিগ চালু করে, ফলে ভারতীয় দল (Indian National Football Team) খেলার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। উয়েফা নেশনস লিগ চালু হওয়ার পর দেখা গিয়েছে, ইউরোপের ফুটবলে পিছিয়ে থাকা দলগুলি উন্নতি করার সুযোগ পেয়েছে। ফলে ভারতীয় দলের কাছেও উন্নতি করার সুযোগ থাকছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এএফসি নেশনস লিগে খেলার সুযোগ পেলে এবং র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে জয় পেলে ভারতীয় দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে ভারতের তরুণ ফুটবলাররাও উন্নতি করার সুযোগ পাবেন।