U19 Asia Cup final : এশিয়া কাপ ফাইনালে ১৯১ রানে পাকিস্তানের কাছে হার ভারতের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে (U19 Asia Cup Final) পাকিস্তানের (Pakistan) কাছে লজ্জার হার ভারতের (India)। ফাইনালটা একেবারে একতরফা হয়ে গেল। পাকিস্তানের করা ৩৪৮ রান তাড়া করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই অলআউট ১৫৬ রানে। ১৯১ রানের বিশাল ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল পাকিস্তান। যুব এশিয়া কাপের ফাইনালে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়।

আরও পড়ুন: ASHES Test: অ্যাশেজ পকেটে পুড়ল অস্ট্রেলিয়া, বাজবলের চালেই ইংল্যান্ডকে মাত দিল অজিরা

ওপেনার সামির মিনহাসের (Samir Minhas) রেকর্ড ১৭২ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের যুবরা ৮ উইকেটে ৩৪৭ রান তোলে। সামিরের ইনিংসটি যুব ওয়ানডেতে পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ। যুব ওয়ানডের স্বীকৃত পাওয়া এশিয়া কাপের ম্যাচগুলোতেও এটি ব্যক্তিগত সর্বোচ্চ। সামির ভাঙলেন এবারই ইউএই-র বিরুদ্ধে ভারতের বৈভব সূর্যবংশীর (Vaibhab Suryabanshi) গড়া ১৭১ রানের রেকর্ড।

৩১ রানে উদ্বোধনী জুটির সঙ্গী হামজা জহুরকে হারানোর পর উসমান খানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৩.১ ওভারে ৯২ রান যোগ করেন সামির। ৪৫ বলে ৩৫ রান করে উসমানের বিদায়ের পর আহমেদ হুসেইনকে (৭২ বলে ৫৬) নিয়ে তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করেন ১৯ বছর বয়সী সামির। ১১৩ বলের ইনিংসে ১৭টি চার ও ৯টি ছক্কা মারা ডানহাতি ওপেনার শেষ পর্যন্ত ফিরেছেন দলকে ৩০২ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে।

তেড়েফুঁড়েই রান তাড়া শুরু করেছিল ভারতীয় যুবরা। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে যখন প্রথম উইকেট হারায় দলটি, তাদের রান ৩২। আউট হওয়া ব্যাটসম্যান অধিনায়ক আয়ুশ মাত্রের তাতে অবদান ছিল মাত্র ২ রান। ও পাশে তখন আগুন ঝরাচ্ছিলেন বিস্ময়বালক সূর্যবংশী। ৯ বলেই ৩ ছক্কায় ২৬ রান করা তুলে ফেলা সুর্যবংশী ফেরেন পঞ্চম ওভারের প্রথম বলে। ভারতের স্কোর তখন ৪৯/৩। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ১৫৬ রানে অলআউট ভারত। দলটির ১০ নম্বর ব্যাটসম্যান দীপেশ দেবেন্দ্রন ১৬ বলে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান না করলে ১৫০-ও হতো না ভারতের। এদিন সূর্যবংশীকে ফেরানো পেসার আলী রাজা ৪ উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে সেরা বোলিং করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, সামিরের আগে যুব ওয়ানডেতে পাকিস্তানিদের সর্বোচ্চ ছিল শাহজাইব খানের। গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষেই ১৫৯ করেছিলেন শাহজাইব।