নিউজ পোল ব্যুরো: রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে থাকায় এবার বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal)। আসন্ন বিধানসভা ভোটের আগে শহরের মহিলাদের সুরক্ষা আরও মজবুত করতে নতুন ব্যবস্থা চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় চালু করা হচ্ছে ‘পিঙ্ক বুথ’ (Pink Booth Kolkata) এবং রাতের শহরে টহল দেবে সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিম ‘শাইনিং’ (Shining Women Patrol Team)। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে শহরের বিভিন্ন ব্যস্ত মোড় ও জনবহুল এলাকায় সর্ব-মহিলা পরিচালিত বিশেষ নিরাপত্তা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে পিঙ্ক বুথ (Pink Booth Kolkata)। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথগুলি খোলা থাকবে। মহিলারা সরাসরি সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন বা জরুরি পরিস্থিতিতে সহায়তা চাইতে পারবেন। নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ, আইনি সহায়তার প্রাথমিক তথ্য কিংবা প্রয়োজনে দ্রুত পুলিশি সাহায্যের ব্যবস্থাও করা হবে এই বুথ থেকেই। প্রতিটি বুথে দায়িত্বে থাকবেন প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা, যাতে মহিলারা স্বচ্ছন্দে নিজেদের সমস্যা জানাতে পারেন।
এর পাশাপাশি রাতের শহরে নিরাপত্তা জোরদার করতে চালু হচ্ছে বিশেষ সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল ব্যবস্থা। ‘শাইনিং’ নামে এই টিম রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং সংযোগকারী এলাকায় টহল দেবে (Shining Women Patrol Team)। বিশেষ করে ই এম বাইপাস-সহ যেসব রাস্তায় রাতে কর্মজীবী মহিলাদের যাতায়াত বেশি, সেখানে নজরদারি আরও বাড়ানো হবে। প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দেওয়ার জন্য এই মোবাইল টিমকে প্রস্তুত রাখা হবে। মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) মতে, এই উদ্যোগ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই কলকাতা দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত, নতুন এই ব্যবস্থা সেই ভাবমূর্তি আরও শক্তিশালী করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি কলকাতা পুলিশের (Kolkata Police ) শীর্ষপদে পরিবর্তন হয়েছে। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। রাতের নাকা চেকিং বৃদ্ধি, গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি উপস্থিতি বাড়ানো এবং হঠাৎ তদারকি অভিযানের মতো পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে। নতুন এই নিরাপত্তা প্রকল্প চালু হওয়ার ফলে শহরের মহিলাদের নিরাপত্তা ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল বলে মনে করা হচ্ছে।
