নিউজ পোল ব্যুরো: ব্যারাকপুরে ভোটের আবহে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীকে ঘিরে (Koustav Bagchi)। অভিযোগ উঠেছে, প্রচারে বেরিয়ে এক মহিলা ভোটারকে হুমকি দিয়েছেন তিনি। ঘটনায় আতঙ্কিত ওই মহিলা বাধ্য হয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী (BJP Candidate)। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। স্থানীয় সূত্রে খবর, শনিবার নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। সেই সময় এক মহিলা ভোটারের বাড়িতে পৌঁছন তিনি। অভিযোগ, প্রার্থী তাকে জিজ্ঞাসা করেন আসন্ন নির্বাচনে কাকে ভোট দেবেন। ওই মহিলা স্পষ্টভাবে তৃণমূলকে সমর্থন করার কথা জানান। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি তার। অভিযোগ, বিজেপি প্রার্থী (BJP Candidate) রেগে গিয়ে তাকে হুমকি দেন এবং ভোটের ফল প্রকাশের পর ‘দেখে নেওয়া’ হবে বলে সতর্ক করেন। এই ঘটনায় ভীত হয়ে পড়েন ওই মহিলা এবং দ্রুত টিটাগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও কৌস্তভ বাগচী (Koustav Bagchi) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, তিনি কেবলমাত্র প্রচারের জন্য ওই বাড়িতে গিয়েছিলেন এবং ভোট দেওয়ার আবেদন করেছিলেন। মহিলার রাজনৈতিক অবস্থান বুঝতে পেরে তিনি নাকি স্পষ্টভাবে বলেন, ‘আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন।’ পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা চলছে। তার মতে, নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিপক্ষ ইস্যু তৈরি করতেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিকে, এই ঘটনায় সরব হয়েছেন রাজ চক্রবর্তী। তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘হুমকি, ভয় দেখানো বা সহিংসতা বাংলার সংস্কৃতি নয়। মানুষ সবকিছু দেখছে এবং সঠিক সময়ে তার জবাব দেবে।’ তার দাবি, ভোটের দিনই সাধারণ মানুষ এই ধরনের আচরণের বিরুদ্ধে নিজেদের মতামত স্পষ্ট করবে। ভোটের মুখে ব্যারাকপুরে রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিযোগ-প্রত্যাঘাতের এই লড়াই আগামী দিনে আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
