Salt Lake: সল্টলেকের হৃদয়ে এবার “রামকৃষ্ণ আইল্যান্ড”, আধ্যাত্মিকতার নতুন ঠিকানা

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের হৃদয় জুড়ে এখন এক নতুন স্পন্দন, “রামকৃষ্ণ আইল্যান্ড”! শহরের কোলাহলের মাঝেই আত্মিক শান্তির এক নতুন ঠিকানা তৈরি হলো যেখানে আধ্যাত্মিকতা, পরিবেশ সচেতনতা আর সমাজসেবার মেলবন্ধন দেখা গেল এক অভূতপূর্ব উদ্যোগে। শুধু একটি নাম নয়, এই আইল্যান্ড হয়ে উঠছে এক আদর্শের প্রতীক, যার শিকড় ছড়িয়ে আছে বেলুড় মঠের গভীর দর্শনে। সোমবার সল্টলেকের (Salt Lake) চার নম্বর আইল্যান্ডে এক বিশেষ ইতিহাস রচিত হলো! আইল্যান্ডের নতুন নামকরণ করা হলো “রামকৃষ্ণ আইল্যান্ড” (Ramkrishna Island) নামটি শুধু একটি স্থানকে নির্দেশ করে না, সেটি সোমবার থেকে হয়ে উঠলো আধ্যাত্মিকতার প্রতীক, কারণ একদম সামনেই অবস্থিত বিধান নগর (Salt Lake) রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। একটি প্রতিষ্ঠান যা বেলুড় মঠের (Belur Math) আদর্শ ও আচারকে বুকে ধরে পরিচালিত হয়।

আরও পড়ুন: Mumbai Rain Alert: ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই! বিপর্যস্ত জনজীবন , জারি লাল সতর্কতা

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের (Swami Vivekanand) আদি বাড়ির জেনারেল সেক্রেটারি স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, যার পবিত্র হাত দিয়েই আইল্যান্ডের নামাঙ্কন ফলকের উন্মোচন করা হয়। তার সঙ্গেই ছিলেন কেন্দ্রের সভাপতি উর্মিলা সেন, ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব কৃষ্ণ দাস শর্মা, সেক্রেটারি ড. চঞ্চল দে, ড. সন্দীপ মুখার্জী, দেবোপম সরকার সহ বহু গুণীজন।

এই বিশেষ দিনে কেন্দ্রের আরও দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন হয়। প্রথমত, ৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল চালু করা হয়, যা প্রতিষ্ঠানটিকে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, মহারাজের হাত দিয়েই কেন্দ্রের অগ্নি নির্বাপন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হয়। যাতে যেকোনো দুর্যোগে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত থাকে।

ড. চঞ্চল দে জানান, অনেক প্রবীণ ভক্ত বয়সজনিত কারণে বেলুড় মঠে যেতে পারেন না। তাদের জন্য এই কেন্দ্র একটি আশ্রয়। যেখানে দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো ও অন্যান্য আচার বেলুড় মঠের রীতিতেই অনুষ্ঠিত হয়। এছাড়াও, এখানে দুটি স্কুল পরিচালিত হয় একটি সরকারি ও অপরটি সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদানকারী। অনুষ্ঠান শেষে প্রায় ৬০০ জন ভক্ত ও অতিথি প্রসাদ গ্রহণ করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole