নিউজ পোল ব্যুরো: ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বই (Mumbai Rain Alert) যেন এখন এক বৃষ্টিভেজা যুদ্ধক্ষেত্র। টানা বৃষ্টিতে ভাসছে শহরের প্রতিটি প্রান্ত। শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের রেশ সোমবারও অব্যাহত। আবহাওয়া দফতর জারি করেছে ‘লাল সতর্কতা’ (Red Alert)। শহরজুড়ে তৈরি হয়েছে জলজট, থমকে গিয়েছে যান চলাচল, আর সেই সঙ্গে জনজীবনও কার্যত অচল।
বৃষ্টির পরিমাণ (Mumbai Rain Alert) এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সোমবার শহরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আন্ধেরি সাবওয়ে জলমগ্ন হয়ে যাওয়ায় তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সিয়নের গান্ধী মার্কেট থেকে শুরু করে ভিলে পার্লের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে সবখানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। অনেক জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা।
মিউনিসিপ্যাল কমিশনার ভূষণ গগরানি সমস্ত নাগরিক দফতরকে সতর্ক (Mumbai Rain Alert) থাকতে বলেছেন। বিপর্যয় মোকাবিলা দলগুলি প্রস্তুত রাখা হয়েছে, শহরের রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। নাগরিকদের প্রতি বারবার অনুরোধ জানানো হচ্ছে, অত্যন্ত প্রয়োজন না হলে বাইরে না বেরোতে।
বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চেম্বুরের টাটা পাওয়ার এলাকা, পাশাপাশি জুহু, সিয়ন, বান্দ্রা, সান্তাক্রুজ, ভিখরোলি ও কোলাবাতেও জল জমে চরম অসুবিধার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির ধাক্কা লেগেছে বিমানবন্দরেও। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক উড়ান বিলম্বিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, অপ্রয়োজনীয় কারণে বাইরে না যেতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে। এই পরিস্থিতিতে বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, যে কোনও জরুরি সাহায্যের জন্য নাগরিকরা ১৯১৬ নম্বর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
