IndiGo: যাত্রী দুর্ভোগ চরমে! দেশজুড়ে ইন্ডিগোর উড়ান বাতিল, একাধিক বিমানবন্দরে উত্তেজনা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: সারা দেশে ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরপর দু’দিনের গুরুতর প্রযুক্তিগত ও অপারেশনাল সমস্যার পর বৃহস্পতিবারও বহু উড়ান বাতিল ও দেরিতে ছাড়ে। এর ফলে বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। লম্বা সময় অপেক্ষা, বারবার উড়ান সময় বদল এবং শেষ মুহূর্তে বাতিলের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি বিমানবন্দরে রীতিমতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিমান সংস্থার কার্যক্রমে এই ধারাবাহিক ব্যাঘাত যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন: International School Sports Federation: দারিদ্র্যকে হার মানিয়ে বিশ্ব মঞ্চে ভলিবল চ্যাম্পিয়নশিপে জয়ী, বাংলার চার কন্যা

ক্রু ঘাটতির কারণে ইন্ডিগোকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হচ্ছে। আজও এই সমস্যা অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে। শুধুমাত্র দিল্লি থেকে আজ ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে, হায়দরাবাদ থেকে বাতিল হয়েছে ৩৩টি। এমন পরিস্থিতিতে দেশের জুড়ে আজ ১৭০টির মতো ফ্লাইট বাতিল হতে পারে।

এর আগে বুধবার, দেশের বিভিন্ন শহরে মিলিয়ে ইন্ডিগোর ২০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছিল। দৈনিক ২২০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা ইন্ডিগো এই পরিস্থিতিতে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছিল। তবে বৃহস্পতিবারও একই সমস্যার মুখোমুখি হয়েছে বিমান সংস্থা।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরে ফ্লাইট ডিউটি টাইম সীমাবদ্ধতার নতুন নিয়ম কার্যকর করার পর ক্রু ঘাটতির সমস্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ডিজিসিএ বৃহস্পতিবারই ইন্ডিগো কর্তাদের বৈঠকের জন্য তলব করেছিল এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে।

উল্লেখযোগ্যভাবে, নভেম্বরে ইন্ডিগো মোট ১২৩২টি ফ্লাইট বাতিল করেছিল, যার মধ্যে ৭৫৫টি বাতিল হয় ক্রু ঘাটতি এবং নতুন ডিউটি টাইম নিয়মের কারণে। চলতি সপ্তাহের শুরু থেকেই ইন্ডিগোর ফ্লাইট পরিষেবার মাত্র ৩৫ শতাংশ ঠিকমতো চালু রয়েছে। একাধিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে, যার ফলে যাত্রীদের অসুবিধা বেড়েছে।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, “বিগত কয়েকদিনে আমাদের পরিষেবার উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমানবন্দর যানজট এবং কর্মীদের নতুন ডিউটি সময়সূচি এসব কারণে আমাদের ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটেছে। আমরা আমাদের যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole