নিউজপোল ব্যুরো: বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে দ্রুত নড়েচড়ে বসল প্রশাসন। মুখ্যমন্ত্রীর পুলিশ আউটপোস্ট তৈরির ঘোষণার অল্প সময়ের মধ্যেই মাঠে নেমে কাজ শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়াতে সম্ভাব্য জায়গা খুঁজে দেখা হচ্ছে।
এই উদ্যোগের অংশ হিসেবে বারুইপুরের পুলিশ সুপার সূর্যপুর ঘাটের আশপাশে একাধিক জায়গা ঘুরে দেখেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িকে আউটপোস্ট হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। পুলিশের মতে, নতুন আউটপোস্ট চালু হলে এলাকায় টহল আরও বাড়বে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাহায্য পৌঁছানো সহজ হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি আরও শক্তিশালী করা যাবে।
অন্যদিকে, বারুইপুরে অশান্তির ঘটনায় তদন্তও চলছে জোরকদমে। পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে রাতভর অভিযান চালিয়ে আরও ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের পরিচয় শনাক্ত করে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে নতুন তথ্য সামনে এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বারুইপুর কাণ্ডের পর প্রশাসনের এই দ্রুত তৎপরতা এখন রাজ্যজুড়ে আলোচনার বিষয়। নিরাপত্তা জোরদার, তদন্তের গতি এবং গ্রেফতার—সব মিলিয়ে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
