নিউজপোল ব্যুরো:মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে বদল আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে ঠিক ছিল, ১০ অক্টোবর মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সূচিতে পরিবর্তন হতে পারে বলে খবর। তাঁর পরিবর্তে অনুষ্ঠানে দেখা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
ইডেনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। মহালয়ার সন্ধ্যায় সেখান থেকেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করার পরিকল্পনা রয়েছে। রেড রোড ধরে বেরোবে সাংস্কৃতিক শোভাযাত্রা। রাজ্যের ২৩টি জেলার বিভিন্ন নৃত্যশিল্প তুলে ধরা হবে সেই শোভাযাত্রায়। ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনি এবং হাজার হাজার ঢাকির একসঙ্গে বাদ্য পরিবেশনেরও আয়োজন থাকছে। এই বিশেষ আয়োজনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করার লক্ষ্য রয়েছে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি ইডেন থেকেই কলকাতার একাধিক বড় দুর্গাপুজোর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তালিকায় রয়েছে সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী এবং ত্রিধারা সম্মিলনীর পুজো। তবে এখনও সরকারি ভাবে চূড়ান্ত কর্মসূচি জানানো হয়নি। ফলে শেষ পর্যন্ত ইডেনের মঞ্চে কে উপস্থিত থাকবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে।
