আমফানের ৪৭ কোটি উধাও! ফলতা থানায় অভিষেকের বিরুদ্ধে সরাসরি এফআইআর বিজেপির!

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ৪৭ কোটি টাকার আমফান ত্রাণ কেলেঙ্কারিতে এবার সরাসরি আইনি বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানায় ৪৭ কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে একটি এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশাপাশি আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিকের নামও উল্লেখ করা হয়েছে।

জমানা বদলের এই উত্তাল আবহে অভিষেকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন তোলপাড় সৃষ্টি করেছে। বিজেপি নেতার দায়ের করা এই অভিযোগপত্রে কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই নয়, যুক্ত রয়েছে আরও একাধিক প্রভাবশালী নাম। যার মধ্যে অন্যতম হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জাহাঙ্গির খান, ফলতার তৎকালীন বিধায়ক শঙ্করকুমার নস্কর এবং বেশ কয়েকজন সরকারি উচ্চপদস্থ আধিকারিক। অভিযোগকারীর দাবি, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বিপুল অর্থের একটি অংশ প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। পরিকল্পিতভাবে সেই অর্থের অপব্যবহার হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, শিক্ষক নিয়োগ থেকে কয়লা-বালির পর এবার খোদ আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ত্রাণ তহবিলের ৪৭ কোটির এই বিস্ফোরক মামলা কার্যত ভাইপোর রাজনৈতিক কেরিয়ারের সর্বশেষ প্রান্তে পৌঁছে দিতে চলেছে । কুণাল ঘোষ যতই একে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে ধুয়ে ফেলার চেষ্টা করুন না কেন, ফলতা থানার এই এফআইআর জমানা বদলের বাংলায় অভিষেকের ডানা ছাঁটার জন্য SIT র হাতে এক নতুন ব্রহ্মাস্ত্র এনে দিল!