এক অনন্য রবিবারের সাক্ষী হতে চলেছে কলকাতা! রেড রোডে ৩০ হাজার মানুষের যোগ, ৫০০ নৌকায় তৈরি হবে বিশ্বরেকর্ড

breakingnews শহর

নিউজপোল ব্যুরো: এক অনন্য রবিবারের সাক্ষী হতে চলেছে কলকাতা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ। রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগাভ্যাসে অংশ নেবেন প্রায় ৩০ হাজার মানুষ। গঙ্গার দুই পাড়ও সেজে উঠেছে আলোর সাজে। সন্ধ্যা নামতেই হাওড়া ব্রিজের নীচে দেখা গিয়েছে লেজার লাইটের ঝলক, অন্যদিকে উৎসবের রূপ নিয়েছে মিলেনিয়াম পার্ক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি শহরে আসেন। সূত্রের খবর রবিবার সকালে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুধু স্থলেই নয়, গঙ্গাতে ও হবে বিশেষ আয়োজন। ৫০০-রও বেশি নৌকার উপর একসঙ্গে যোগাভ্যাসের পরিকল্পনা করা হয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে থাকছে বিশেষ ‘আয়ুষ আহার’-এর ব্যবস্থাও। কম ক্যালোরি ও স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি থাকছে বাঙালির প্রিয় ঝালমুড়িও। যোগ দিবসের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী লোক ভবনে ফিরে যাবেন। পরে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সব কর্মসূচি শেষে রেসকোর্স থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে রবিবার নজর থাকবে উত্তেজনাপূর্ণ কলকাতার দিকেই।