নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গ দিবসকে মানুষের মন থেকে মুছে ফেলার এক গভীর চক্রান্ত চলছে। এরাজ্যের রক্তক্ষয়ী ইতিহাসকে জোর করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বর্তমান শাসকদল।
আজ তারকেশ্বর থেকে ঠিক এই ভাষাতেই রাজ্যের প্রশাসনিক প্রধানদের কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাফ কথা, বাংলার গৌরবময় অতীত এবং আত্মত্যাগের ইতিহাসকে কোনোভাবেই ‘হোয়াইট ওয়াশ’ করতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্বাধীনতার আগের সেই অন্ধকার দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “স্বাধীনতার ঠিক আগে বাঙালিদের ওপর যে অনেক অত্যাচার হয়েছে, তা ভোলার নয়। ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ থেকে শুরু করে নোয়াখালির দাঙ্গা— একের পর এক হিংসা ও রক্তপাতের সাক্ষী থেকেছে এই মাটি। তাঁর মতে, বাংলাকে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্রও হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।
মোদি বলেন, পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মরণ। তাঁর বক্তব্য, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার স্বার্থ রক্ষায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রধানমন্ত্রীর অভিযোগ, পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্বকে কমিয়ে দেখানোর চেষ্টা হয়েছে এবং ইতিহাসের অনেক ঘটনাকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইতিহাসকে চিরদিন আড়াল করে রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
