আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের নেপথ্যে খোদ মমতা ও স্বাস্থ্যসচিবের মেগা যোগ, ওনাদের অবিলম্বে গ্রেফতার চাই – বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: আরজি করের বিভীষিকাময় কাণ্ডের পরতে পরতে জমে থাকা ক্ষোভের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন খোদ নিহত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রাজ্যে ক্ষমতার পটপরিবর্তন এবং সম্প্রতি স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত পৃথক তদন্ত কমিটির তৎপরতার মাঝেই বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি তোলপাড় করলেন তিনি। সরাসরি তোপ দেগে রাজ্য সরকারের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে কালবিলম্ব না করে গ্রেফতার করার দাবি তুললেন তিনি। একইসঙ্গে নবগঠিত তদন্ত কমিটির কাছে দু’জনকেই অবিলম্বে জিজ্ঞাসাবাদের মুখোমুখি আনার কড়া বার্তা দিয়েছেন অভয়ার মা।

তিল তিল করে গড়ে ওঠা আন্দোলনের জেরে রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, শাসকদলের আসন থেকে তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি এবং স্বজনহারা মা আজ নিজে এক দায়িত্বশীল বিধায়ক। তবে যা বদলায়নি, তা হলো স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ পদ। তৎকালীন সময়ে রাজপথ যখন প্রতিবাদের ঝড়ে উত্তাল, ঠিক তখনও স্বাস্থ্যসচিবের আসনে আসীন ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। আর আশ্চর্যের বিষয় হলো, সরকার বদলালেও সেই একই পদে এখনও বহাল রয়ে গেছেন তিনি। এই চরম অসঙ্গতি নিয়েই ক্ষোভে ফেটে পড়ে বিধায়ক রত্না দেবনাথ কড়া সুর চড়িয়ে প্রশ্ন তোলেন, “কেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এতদিনেও জেলে গেলেন না? আর সেই সময়ে বিতর্কের কেন্দ্রে থাকা স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমই বা কীভাবে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছেন? তাঁদের গ্রেফতারি অবিলম্বে প্রয়োজন।”

নিজের যুক্তির স্বপক্ষে বিস্ফোরক অভিযোগ তুলে রত্না দেবনাথ তুলে এনেছেন প্রমাণ লোপাটের চেষ্টার সেই বিতর্কিত অধ্যায়। আরজি করের সেমিনার হলে চিকিৎসকের দেহ উদ্ধারের মাত্র চার দিনের মাথায়, ঠিক উল্টোদিকের ঘরের দেওয়াল ও বেসিন ভেঙে তড়িঘড়ি সংস্কার কাজ কেন শুরু হয়েছিল, তা নিয়ে নতুন করে সোচ্চার হয়েছেন তিনি। তাঁর স্পষ্ট প্রশ্ন, ১৪ আগস্টের তাণ্ডবের চিহ্ন হাসপাতাল চত্বরে আজও সারাই না হয়ে পড়ে থাকলেও, ঘটনার পরদিন কোন জাদুবলে এবং কার নির্দেশে রাতারাতি হাত দেওয়া হয়েছিল দেওয়াল ভাঙার কাজে? স্বাস্থ্যসচিব কোন এক্টিয়ারে এই অনুমতি দিয়েছিলেন, তা নিয়ে নিরপেক্ষ তদন্ত চান তিনি।

সম্প্রতি অভয়ার স্মরণে স্বাস্থ্য ভবনে আয়োজিত দু’মিনিটের নীরবতা পালনে স্বয়ং স্বাস্থ্যসচিব ও প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকলেও, তাঁদের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি নিহতের মা। তাঁর দাবি, স্বাস্থ্য দফতর থেকে যে তদন্ত কমিটি গড়া হয়েছে, তাদের আসল নিরপেক্ষতার পরীক্ষা হবে তখনই, যখন তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্য স্বাস্থ্যসচিবকে তলব করে কাঠগড়ায় দাঁড় করাবে। প্রশাসনিক অলিন্দে এই দাবি পৌঁছতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে, কারণ শীর্ষ আমলা ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা সম্ভব হবে কিনা—তা নিয়ে এখন রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা চরমে।