দুপুরে হঠাৎ ঘোর তাণ্ডব! রবিবারে সাময়িক স্বস্তি হলেও মঙ্গল-বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা!

breakingnews আবহাওয়া কলকাতা

নিউজপোল ব্যুরো:  সকালটা হয়তো একটু স্বস্তির, কিন্তু ঘড়ির কাঁটা দুপুর পেরোলেই বদলে যাচ্ছে আবহাওয়ার ছবি। শনিবারও তার ব্যতিক্রম হল না। দুপুর ১টা নাগাদ উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হল জোর বৃষ্টি। এরপর শহরের একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি নামে। ফলে সপ্তাহান্তেও পুরোপুরি কাটল না বৃষ্টির ভোগান্তি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। সোমবার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। বুধবার সেই তালিকায় যুক্ত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত স্বস্তি নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা।

হাওয়া অফিসের মতে, মৌসুমী অক্ষরেখার অবস্থান এবং উত্তরবঙ্গ-অসমের উপর দিয়ে বিস্তৃত আরেকটি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি থামলেও অস্বস্তি কমার সম্ভাবনা নেই।