নিউজ পোল ব্যুরো: নতুন করে অশান্ত হয়ে উঠেছে বেলডাঙা (Beldanga)। স্থানীয়দের অবরোধে ফের বন্ধ হয়ে যায় ১২ নম্বর জাতীয় সড়ক। এর জেরে শনিবার সকাল থেকেই জাতীয় সড়কের দু’দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা ও দূরপাল্লার যানবাহনের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।
অবরোধকারীদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে প্রকাশ্যে হেনস্তা করা হয়। অভিযোগ, বেধড়ক মারধরের ফলে তাঁর বুকের একটি হাড় ভেঙে যায়। এই ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন বেলডাঙার (Beldanga) বাসিন্দারা। শুরু হয় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ। আহত আনিসুর শেখকে গ্রামে ফেরানোর পর অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অবরোধস্থলেও আনা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই হেনস্তার ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা। বড়ুয়া মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভ চলাকালীন লেভেল ক্রসিংয়ে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এর জেরে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত আপাতত বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে বিক্ষোভের মাঝে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্সও। পাশাপাশি একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় উত্তেজিত জনতার তাণ্ডব সামাল দিতে কলকাতা থেকে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে আরপিএফ ও আরপিএসএফ বাহিনী।
উল্লেখ্য, এর আগেও ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর সামনে আসতেই গত শুক্রবার বেলডাঙায় (Beldanga) উত্তেজনা ছড়ায়। সে সময় স্থানীয় রেলস্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখানো হয়। ফলে শিয়ালদহ–লালগোলা শাখায় রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়, যার জেরে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যান চলাচল ব্যাহত হয়।
প্রায় সাত ঘণ্টা ধরে চলা সেই অবরোধ পরে অর্থসাহায্য ও চাকরির প্রতিশ্রুতি পেয়ে তুলে নেওয়া হয়। বেলডাঙার এই ক্ষোভকে ‘বৈধ’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপির উসকানিতেই এই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
