নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিন ধরেই ইরানে (Iran) যুদ্ধ ও অস্থিরতার আশঙ্কা ক্রমশ বাড়ছিল। সম্ভাব্য বিমানহানার আশঙ্কায় আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বাধীন প্রশাসন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতির মধ্যেই ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে দেশে ফিরে এসেছে দু’টি অসামরিক বিমান। শুক্রবার গভীর রাতে এই দুটি বিমান ভারতে পৌঁছয়। জানা গিয়েছে, এগুলি কোনও বিশেষ উদ্ধার অভিযান বা এয়ারলিফটের অংশ ছিল না। সাধারণ সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী বিমানেই দেশে ফিরেছেন ভারতীয়রা।
আরও পড়ুন: Beldanga: পরিযায়ী খুনে ফের উত্তপ্ত বেলডাঙা! দফায় দফায় বিক্ষোভ, স্তব্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক
ইরান (Iran) থেকে নিরাপদে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সেখানে আটকে থাকা ভারতীয় নাগরিকরা। তাঁরা ভারত সরকার এবং তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, সংকটের শুরু থেকেই দূতাবাস নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করেছে। ইরান ছাড়ার প্রক্রিয়ায় দূতাবাসের আধিকারিকরা সক্রিয়ভাবে সাহায্য করেছেন বলেই জানিয়েছেন ফেরত আসা যাত্রীরা।
ইরান (Iran) থেকে ফিরে আসা এক ভারতীয় ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, সেখানে চলতে থাকা বিক্ষোভের কথা তিনি শুনলেও নিজের চোখে তেমন কিছু দেখেননি। কারণ, ইরানে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন ছিল। অন্য এক ভারতীয় নাগরিক জানান, তিনি প্রায় এক মাস ইরানে ছিলেন। যদিও শেষ এক সপ্তাহে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তাঁর কথায়, বাইরে বেরোলেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ত। মাঝেমধ্যে অশান্তিও হতো। ইন্টারনেট। ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে সমস্যায় পড়তে হয়েছিল, ফলে মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা।
ইরানে কর্মসূত্রে যাওয়া এক ভারতীয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানান, বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। তাঁর দাবি, সরকারবিরোধী বিক্ষোভের পাশাপাশি সরকারের সমর্থনেও বহু মানুষ রাস্তায় নেমেছেন। আরেকজন ফেরত আসা ভারতীয় জানান, তেহরানে আগুন জ্বালানো ও ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
বর্তমানে ইরানে প্রায় নয় হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন। দেশটির রাজনৈতিক অস্থিরতা ও সরকারি দমন-পীড়নের দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। সম্প্রতি ভারত সরকার ইরানে থাকা নাগরিকদের সতর্কও করেছে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার দুরবস্থা এবং কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে ইরানে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। সেই ক্ষোভই সম্প্রতি ভয়াবহ বিদ্রোহের রূপ নিয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। অভিযোগ, বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক হিংসা চালাচ্ছে। সোমবার পর্যন্ত এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪৪ জন। গ্রেফতার করা হয়েছে প্রায় ১০ হাজার ৬০০ জন আন্দোলনকারীকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
